২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিরাগতদের বের হতে বলে নিজেই অবরুদ্ধ জাবি প্রাধ্যক্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল থেকে ‘বহিরাগত’ দুই ছাত্রলীগ কর্মীকে বের করতে গিয়ে বুধবার রাতে নিজেই অবরুদ্ধ হয়ে পড়েন প্রাধ্যক্ষ অধ্যাপক খবীর উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 04:25 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল থেকে ‘বহিরাগত’ দুই ছাত্রলীগ কর্মীকে বের করতে গিয়ে বুধবার রাতে নিজেই অবরুদ্ধ হয়ে পড়েন প্রাধ্যক্ষ অধ্যাপক খবীর উদ্দিন। ঘণ্টাখানেক পর প্রোক্টরিয়াল বডির সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে বন্দিদশা থেকে মুক্ত হন তিনি। প্রত্যক্ষদশী শিক্ষার্থীরা জানান, শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র জাহাঙ্গীর আলম অর্ণব (বাংলা বিভাগ, ৩৭তম ব্যাচ) ও ফেরদৌস আহমেদসহ (সরকার ও রাজনীতি বিভাগ, ৩৭তম ব্যাচ) ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রাতে মওলানা ভাসানী হলের ৩০৩ নম্বর কক্ষে অবস্থান নিয়ে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে প্রাধ্যক্ষ সেখানে উপস্থিত হয়ে তাদের হল থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীরা প্রাধ্যক্ষকে কক্ষ থেকে চলে যেতে বলে এবং তার পদত্যাগ দাবি করে। এ সময় হলের আবাসিক শিক্ষকরা সেখানে উপস্থিত হলে ছাত্রলীগ কর্মীরা জানতে চায়- হলের ‘পলিটিক্যাল ব্লকে’ প্রবেশের অনুমতি শিক্ষকদের কে দিয়েছে। উপাচার্যপন্থী ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত সরকার মো. আসগর আলী এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে অন্যান্য নেতাকর্মীরা মিলে প্রাধ্যক্ষকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে প্রোক্টরিয়াল বডির সদস্যরা এসে রাত ১২টার পর তাকে মুক্ত করেন। প্রাধ্যক্ষ অধ্যাপক খবীর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ৩০৩ নম্বর কক্ষ থেকে নিজের কার্যালয়ে আসার পর ছাত্রলীগের ছেলেরা আমাকে বের হতে বাধা দেয়। আমি অনুরোধ করার পরও তারা আমাকে আটকে রাখে।” এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর মুহাম্মদ ছায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামান্য সমস্যা হয়েছিল। তবে মীমাংসা হয়ে গেছে।” তবে প্রাধ্যক্ষকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করে সরকার মো. আসগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কাউকে অবরুদ্ধ করিনি। হৈ চৈ শুনে ছুটে এসেছি।” উপাচার্যপন্থী হিসেবে পরিচিত আসগরের ছাত্রত্ব শেষ হয়ে গেলেও তিনি ক্যাম্পাসে অবস্থান করে আসছেন। ছাত্রলীগের অন্য একটি অংশের আট জনকে কুপিয়ে আহত করার অভিযোগে একটি মামলায়ও আসামি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৫ ঘ.