মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে তিন বাংলাদেশির শিরচ্ছেদ ঠেকাতে সংশোধিত ক্ষমার দলিল পৌঁছালে বৃহস্পতিবার মহিদুল পরিবার ফের স্বাক্ষর করবেন।
আগের দলিল কুয়েতে গ্রহণযোগ্য না হওয়ায় পুনরায় স্বাক্ষর করতে বুধবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন নিহত মহিদুলের পরিবার।
সিঙ্গাইর ইউএনও নাসরিন সুলাতানা রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন ক্ষমা দলিল না পৌঁছানোয় বুধবার স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি। দলিলটি পৌঁছালে বৃহস্পতিবার বিকাল ৩টায় আবার তারা স্বাক্ষর দিতে আসবেন।
কুয়েতের গাড়িচালাক সিঙ্গাইরের পূর্ব বান্ধাইল গ্রামের মহিদুল ২০১০ সালের ১৬ এপ্রিল খুন হন। এ ঘটনায় তিন বাংলাদেশি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ী বিবন্ধী গ্রামের নুরু ঢালীর দুই ছেলে ইকবাল ঢালী (২৫) ও হৃদয় ঢালী (২৩) এবং কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের রবিউলের ছেলে মো. রমজানের (২৬) শিরশ্চেদের দণ্ডাদেশ দেয় কুয়েতের আদালত।
বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় শিরচ্ছেদ ঠেকাতে আসামিদের পরিবার ও বাংলাদেশ সরকার চেষ্টা চালায়। ২১ লাখ টাকা ক্ষতিপূরণের বিনিময়ে নিহত মহিদুলের পরিবারের সদস্যরা আসামিদের ক্ষমা করতে রাজি হন।
সিঙ্গাইর উপজেলার চেয়ারম্যান এবং সিঙ্গাইর ইউএনও’র যৌথ হিসাবে ওই টাকা জমা হয়েছে। দণ্ড মওকুফ হওয়ার পর এই অর্থ মহিদুলের পরিবারকে দেওয়া হবে।
প্রথম দফা ক্ষমার দলিলটির অনুবাদ আইনানুগ না হওয়ায় সেটি কুয়েতে গ্রহণযোগ্য হয়নি।
পরে কুয়েতি আইনজীবী দিয়ে নতুন করে দলিল লেখানো হয়। কুয়েতেই আরবিতে অনুবাদ করা হবে এবারের ক্ষমাপত্রটি।
১৫০ টাকা মূল্যের দু’টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই ক্ষমাচুক্তি প্রিন্ট করা হয়েছে উল্লেখ করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (কল্যাণ) মহসিন চৌধুরী বলেন, “যথাসময়েই সিঙ্গাইর পৌঁছে যাবে।”
মহসিন চৌধুরী জানান, মহিদুলের বৈধ ওয়ারিশগণের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের একটি ওয়ারিশপত্র লাগবে। তাও ইংরেজিতে যথাযথভাবে করা হয়েছে। একই সঙ্গে এটির স্বাক্ষরও হবে। এরপর নোটরী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুয়েতে পাঠানো হবে।
দু’পাতার নতুন ক্ষমা দলিলে মহিদুলের ছেলে, মেয়ে ও তিন ভাই স্বাক্ষর করবেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, “বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি রক্ষায় এই শিরñেদ ঠেকাতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিশ্চিত করেছে যথাসময়ে কুয়েত আদালতে এটি পৌছবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০১৯ ঘ.
bdnews24