কক্সবাজার, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলায় এক স্কুলছাত্রের প্রতি নির্মম আচরণের কারণে ওই শিক্ষককে মারধর করেছেন বলে ছাত্রটির অভিবাবক দাবি করছেন।
এদিকে শিক্ষক পেটানোর প্রতিবাদে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টা থেকে দেড়ঘণ্টা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আদিল চৌধুরীর ভাই বেদার উদ্দিন স্থানীয় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর হোসেনকে মারধর করেন।
উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্রছাত্রীরা কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার এলাকায় ‘মানববন্ধন’ করে। তবে সড়ক অবরোধের কথা অস্বীকার করেন তিনি।
তিনি জানান, ইউএনও, আওয়ামী লীগ নেতা আদিল ও তিনি সমস্যাটি সমাধানের উদ্যোগ নিয়েছেন।
ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন পালং আদর্শ ছাত্র ফোরাম সভাপতি ফরহাদুল করিম বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি সমাধানের প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সুষ্ঠু সমাধান না পেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
আওয়ামী লীগ নেতা আদিল চৌধুরী বলেন, “পালং উচ্চ বিদ্যালয় আমাদের পরিবারই প্রতিষ্ঠা করেছে। সেই স্কুলের শিক্ষক নুর হোসেন ৭ম শ্রেণী পড়–য়া আমার একমাত্র ছেলে আয়াতকে প্রায় দেড় বছর আগে ক্লাসে জোর করে থুথু খাইয়ে দিয়েছিল।”
তাদের পরিবার প্রতিষ্ঠিত স্কুল হওয়ায় শিক্ষকের মর্যাদার কথা ভেবে বিষয়টি কাউকে জানাননি তিনি।
“কিন্তু আমার ছেলে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রামে একজন বিশেষজ্ঞ মানসিক চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় এক বছর চিকিৎসা দেওয়া হয়। ওই সময় ছেলেকে চট্টগ্রামের একটি আবাসিক বিদ্যালয়ে ভর্তি করা হয়।”
“কিছুদিন আগে ওই বিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়, আমার ছেলের শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। তারপর আমি ছেলেকে বাড়িতে নিয়ে এসেছি।”
তিনি বলেন, “আমার একমাত্র ছেলের যদি এই অবস্থা হয়, কিভাবে আমরা নিজেদের ধরে রাখবো! পরিবারের সদস্যরা বিষয়টি জানার পরই ওই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।”
ছাত্রকে থুথু খাওয়ানোর অভিযোগ অস্বীকার করে শিক্ষক নুর হোসেন বলেন, “বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণে শিক্ষকদের আদিল চৌধুরীদের পক্ষে নিতে না পারায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”
নুর হোসেন বর্তমানে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24