শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ৩৩তম বিসিএস থেকেই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন সরকারি চাকরি প্রত্যাশীরা।
বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ৩৩তম বিসিএস থেকেই পরীক্ষার আবেদনপত্র অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। অনলাইনেই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
“এতে পরীক্ষার্থীদের ভোগান্তি অনেক কমে যাবে,” বলেন তিনি।
সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে কমিশনের এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে টেলিটকের সঙ্গে চুক্তি করা হয়েছে। পিএসসি ও টেলিটকের ওয়েবসাইট ব্যবহার করে বিসিএসের আবেদন ফরম পূরণ করা যাবে।”
তিনি জানান, ওয়েবসাইটে বিসিএসের আবেদন ফরমের প্রত্যেকটি অংশ পূরণের জন্য পৃথকভাবে নিদের্শনা দেওয়া থাকবে। ফরম পূরণের পর ‘এপ্লিকেন্ট কপি’ দেখা যাবে।
৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি ফেব্র“য়ারির শেষ দিকে অথবা মার্চে প্রকাশ করা হতে পারে বলেও আভাস দেন পিএসসির এই পরীক্ষা নিয়ন্ত্রক।
আবেদন প্রক্রিয়া নিয়ে পিএসপি কর্মকর্তা বলেন, ফরম সঠিকভাবে পূরণ করা হয়েছে বলে আবেদনকারী নিশ্চিত করার পর একটি ইনভয়েস নম্বর দেওয়া হবে। তারপর টেলিটক মোবাইলের মাধ্যমে ওই ইনভয়েস নম্বর ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে। ফি গ্রহণের পর টেলিটক থেকে একটি নিবন্ধন নম্বর দেওয়া হবে। ইনভয়েস ও নিবন্ধন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
“ইনভয়েস ও নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদনকারী যে কোনো সময় প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবেন। ফলে প্রবেশপত্র হারিয়ে গেলেও তা তুলতে বেশি ঝামেলায় পড়তে হবে না”, বলেন নেছারউদ্দিন।
তিনি জানান, আবেদনপত্রে উল্লেখ করা সব তথ্য সঠিক এবং কোনো তথ্য মিথ্যা বলে প্রমাণিত হলে আবেদনকারীর বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া যাবে- অনলাইনে ফরম পূরণের সময় আবেদনকারীকে এই মর্মে ঘোষণা দিতে হবে।
৩৩তম বিসিএস থেকে প্রবেশপত্রের পাশাপাশি হাজিরা খাতায়ও রঙিন ছবি সংযুক্ত থাকবে বলে জানান পিএসসি কর্মকর্তা।
তিনি বলেন, “প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাস করবে তাদের প্রত্যেকের কাগজপত্র যাচাই করে সব ডকুমেন্টের হার্ড কপি দেওয়া হবে। হার্ড কপি ছাড়া কেউ লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে না।”
এর আগে পিএসসির মূল কার্যালয় থেকে বিসিএসের আবেদন ফরম সংগ্রহ করে সেখানেই জমা দিতে হতো।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য ২৮তম বিসিএস থেকে কমিশনের মূল কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক কার্যালয় এবং সব জেলা প্রশাসকের অফিসে বিসিএসের আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/এমআই/২২৫০ ঘ.
bdnews24