ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ১২টি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২ সালের এইচএসসিতে শুধু বাংলা বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে।
তিনি বলেন, “২০১৩ সালের পরীক্ষায় বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন ও ব্যবসায় উদ্যোগের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে। ২০১৪ সালের পরীক্ষায় এর সঙ্গে আরো আটটি বিষয় যোগ হবে।”
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় আগের চারটি বিষয়ের সঙ্গে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণেও সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে।
প্রশ্নের মানবন্টনের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞানে সৃজনশীল অংশ ৪০ নম্বরে, বহুনির্বাচনী অংশ ৩৫ নম্বরে ও ব্যবহারিক পরীক্ষা ২৫ নম্বরে হবে।
হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান এবং সমাজকল্যাণে সৃজনশীল অংশে ৬০ নম্বরে এবং বহুনির্বাচনী অংশে ৪০ নম্বরে পরীক্ষা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৯০৫ ঘ.
bdnews24