২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে দুই বাংলাদেশিকে ধরতে হেলিকপ্টার অভিযান

হেলিকপ্টার অভিযান চালিয়ে দুই অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে যুক্তরাজ্য। লন্ডন থেকে জানাচ্ছেন সৈয়দ নাহাস পাশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

লন্ডন, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেলিকপ্টার অভিযান চালিয়ে দুই অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার রাতে এসেক্স থেকে টিলবারি শহরে পালিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এসেক্সে একটি ভারতীয় রেস্তোরাঁয় যুক্তরাজ্যের বর্ডার এজেন্সির সদস্যরা অভিযান চালালে সেখান থেকে পালায় তারা। এসেক্সের বিশপস স্টোর্টফোর্ডের বাণিজ্যিক এলাকা ও হটফিল্ড হেলথে বর্ডার এজেন্সির স্থানীয় অভিবাসন টিম রাত ৮টার দিকে হটফিল্ড হেলথে অভিযান শুরু করে। হার্টসের পুলিশ সদস্যরা তাদের সহায়তা করে। ভারতীয় মালিকানার জাফরানি রেস্তোরাঁর ভিতর থেকে তিন ও সামনে থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। সেখানে কর্মরত দুই বাংলাদেশি পালিয়ে যায়। তখন বর্ডার এজেন্সির কর্মকর্তারা এসেক্স পুলিশের কাছে তাদের বিবরণ দিলে এই দুজনকে ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করে পুলিশ। বর্ডার এজেন্সি জানায়, গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশির মধ্যে পাঁচ জনের ভিসার মেয়াদ পার হয়েছে এবং একজনের শিক্ষার্থী ভিসার মেয়াদ এখনো রয়েছে। ভিসার মেয়াদোত্তীর্ণ পাঁচজনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে এসব বাংলাদেশিকে কাজ দেওয়ার অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হতে পারে জাফরানি নামের ওই রেস্তোরাঁটিকে। এর আগে ওই দিন সন্ধ্যায় বিশপস স্টোর্টফোর্ডের লন্ডন সড়কের ক্যাফে মাসালায় অভিযান চালিয়ে ভিসার মেয়াদোত্তীর্ণ আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। ২০ বছর বয়সী এই বাংলাদেশিকেও আটকে রাখা হয়েছে এবং তাকেও দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া যথাযথ নিয়ম অনুসরণ করে কাজ দেওয়ার প্রমাণ দিতে না পারলে এই রেস্তোরাঁকেও সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হতে পারে। গত সাত সপ্তাহে ২৫ জনের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইউকে বর্ডার এজেন্সি। অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ও ভিসার মেয়াদ পার হওয়ার পরেও অবস্থানসহ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে কাজ করছে বর্ডার এজেন্সি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এএইচ/২১০৫ ঘ.