ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলায় আসার দ্বিতীয় দিনেই হুমায়ূন আহমেদের জনপ্রিয় হিমু সিরিজের নতুন বই ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই’র প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে।
মঙ্গলবার মেলার তিন ঘণ্টা পার হতে না হতেই দ্বিতীয় সংস্করণ থেকে বইটি বিক্রি শুরু হয় বলে জানিয়েছেন বইটির প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের স্টলের বিক্রেতা আলিমুল হক।
সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিমুর প্রথম সংস্করণ শেষ। এখন দ্বিতীয় সংস্করণ থেকে বিক্রি হচ্ছে।”
প্রথম সংস্করণে বইটির ৫ হাজার কপি বের করে অন্যপ্রকাশ, যা মেলায় এসেছিল সোমবার। সেদিন মেলা শুরুর পর থেকেই বইটির জন্য পাঠকদের লাইন তৈরি হয়, যদিও আধা ঘণ্টা পর বিক্রি শুরু হয়েছিল।
অন্যপ্রকাশের পরিচালক সোমবার মাসুম আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইটি মেলায় আসার পর স্টলের চারটা কাউন্টার থেকে প্রচুর বিক্রি হচ্ছে। ভিড়ের কারণে এখন পর্যন্ত কয়টি বই বিক্রি হয়েছে তা হিসাব করতে পারিনি।”
হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই-এর ফ্ল্যাপে কাহিনী সংক্ষেপে বলা হয়, হিমু সিরিজের নতুন এই উপাখ্যানে হার্ভার্ডের ফিজিক্সের পিএইচডি ডিগ্রিধারী ড. আখলাকুর রহমান চৌধুরী ওরফে বল্টু ভাই এবং তার সঙ্গে হিমুর সম্পৃক্ততা ঘিরে বিচিত্র হাস্য-রসের অবতারণা হয়েছে।
তুতুরি নামের একটি ব্যতিক্রমী চরিত্রের মেয়েও এই উপাখ্যানের অন্যতম চরিত্র। হিমুর মাজেদা খালার বান্ধবীর মেয়ে তুতুরি। বল্টু ভাইয়ের সঙ্গে তার বিয়ে দিতে চান মাজেদা খালা। এদিকে হিমু স¤প্রতি এক মাজারের খাদেমের সহকারী হয়েছে। এভাবে নানা ঘটনা মধ্য দিয়ে হিমুকে কেন্দ্র করে উন্যাসের কাহিনী এগিয়েছে।
হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই ছাড়াও জনপ্রিয় এই উপন্যাসিকের রংপেন্সিল, মেঘের উপর বাড়ি-এর বিক্রিও অনেক বেশি জানিয়ে আলিমুল বলেন, “এগুলোর বিক্রি এতো বেশি যে আমরা চারটি কাউন্টার থেকে বই সরবরাহ করতে হিমশিম খাচ্ছি।”
ক্যান্সারের চিকিৎসা নিতে নিউ ইয়র্ক অবস্থানরত হুমায়ূনের এবারের বইমেলায় চতুর্থ বই আসছে ‘নিউইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ’। আগামী শুক্রবার নাগাদ তা মেলায় পাওয়া যাবে বলে অন্য প্রকাশের পক্ষ থেকে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এএইচ/২১১০ ঘ.
bdnews24