ঢাকা, ফেব্রয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাওয়ার পর গ্রামীণফোনের নিরীক্ষা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনকে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার দুপুরে বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি দমন কমিশন এর চিঠির পরিপ্রেক্ষিতে অডিট রিপোর্ট দেওয়া হয়েছে।
গ্রামীণফোনের কাছ থেকে পাওনা টাকার বিষয়টি সুষ্ঠু অনুসন্ধানের জন্য অডিট রিপোর্টটি চেয়ে বিটিআরসিতে সোমবার চিঠি পাঠিয়েছিল দুদক।
গ্রামীণফোনের কাছে পাওনা টাকার বিষয়টি সুষ্ঠু অনুসন্ধানের জন্যই অডিট রিপোর্ট চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
গত ৩ অক্টোবর অডিট রিপোর্টের ভিত্তিতে ২১ দিন সময় বেঁধে দিয়ে গ্রামীণফোনকে ৩ হাজার ৩৪ কোটি টাকা পরিশোধ করতে বলে বিটিআরসি।
এরপর এ নিয়ে গ্রামীণফোন ও বিটিআরসির মধ্যে টানাপোড়েন শুরু হয়।
বিটিআরসি’র নিরীক্ষার স্বচ্ছতায় সন্দেহ প্রকাশ করে গ্রামীণফোনের বেশিরভাগ শেয়ারধারী প্রতিষ্ঠান টেলিনর এশিয়ার প্রধান সিগভে ব্রেককে গত ১৬ অক্টোবর বলেছিলেন, ওই টাকা তারা পরিশোধ করতে চান না।
বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ালেও এখনো এর সুরাহা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬১৫ ঘ.
bdnews24