২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মিজানুর হত্যা: শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন

এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় নাটোরের প্রতিবাদী কলেজ শিক্ষক মিজানুর রশীদ হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর আদালত, যারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

নাটোর, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় নাটোরের প্রতিবাদী কলেজ শিক্ষক মিজানুর রশীদ হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর আদালত, যারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। আসামি মামুনুর রশীদ ওরফে আসিফ আলী (২৭) এবং আব্দুল আওয়াল ওরফে রাজনকে (২৮) যাবজ্জীবন কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। রাজন নাটোরের বাগাতিপাড়া উপজেলার বেগুনীয়া গ্রামের মনছুর রহমানের ছেলে। আর আসিফ একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। আসিফ ও রাজন সম্পর্কে শ্যালক-দুলাভাই। ঘটনার মাস তিনেক আগে আসিফের এক বোনকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন রাজন। বিয়ের কয়েকদিন পরেই স্ত্রী রাজনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। পরে অবশ্য সেই মামলায় আপসরফা হয়। এছাড়া রাজনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় স্থানীয় তমালতলা কৃষি ও কারিগরি কলেজের ছাত্র দোহাকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। দুই আসামিই এক সময় ওই কলেজের ছাত্র ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় নিহত মিজানুরের ভাই ও মামলার বাদী মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, “আমরা আশা করেছিলাম, আসামিদের ফাঁসি হবে। যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনা না ঘটে।” কলেজের যে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মিজানুর রশীদ হামলার শিকার হন সেই ছাত্রী বলেন, “স্যারের হত্যাকারীদের ফাঁসি হলে আরো বেশি খুশি হতাম। তবে খুনিরা যে আইনের ফাঁকফোকড় দিয়ে ছাড়া পায়নি সেজন্য ভাল লাগছে।” তিনি আশা করেন, আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলে সেখানে এই রায় বহাল থাকবে। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে লোকমানপুর কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, ভবিষ্যতে ইভটিজিং এর বিরুদ্ধে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিজানুর রশীদকে দেশবাসী চিরকাল মনে রাখবে। তবে দ-প্রাপ্ত আসিফের বাবা আব্দুর রশিদ বলেন, সাংবাদিকদের কাছে যেমন কাঙ্খিত বিচার পাইনি, তেমনি আদালতেও ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে তার ছেলে ও জামাই খালাস পাবে এমন আশা করেন আব্দুর রশিদ। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এন্তাজুল হক বাবু অপরদিকে আসামিপক্ষে ছিলেন মো. হামিদুল হক। বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রহমান (৩৬) এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২০১০ সালের গত ১২ অক্টোবর স্থানীয় দুই বখাটে যুবক কলেজের সামনেই তার ওপরে মোটরসাইকেল তুলে দেয়। এরপর রড দিয়ে তাকে বেধরক পেটায় বখাটেরা। গুরুতর আহত মিজানুরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ অক্টোবর তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২৫ মার্চ গভীর রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান মিজানুর। এই ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। ১৫ অক্টোবর মিজানুরের ভাই মামুনুর রশীদ বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন। দ্রুত নিস্পত্তির জন্য নাটোর থেকে মামলাটি পাঠানো হয় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মামলার তদন্ত কর্মকর্তা ও বাগাতিপাড়ার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম গত বছরের ১৪ ডিসেম্বর আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪১৫ ঘ.