ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ান্নর ভাষাসৈনিক ও শিল্পী মোস্তাক রসুল সিরাজী মঙ্গলবার দুপুরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তার মেয়ে মুনিরা ফারহানা সিরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে উত্তরার বাসায় মারা যান তার বাবা। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
“বাবা ভাষা আন্দোলনের সময় ঢাকা আর্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে সময় পোস্টার তৈরি করা ও মিছিলগুলোতেও সক্রিয় ছিলেন তিনি।”
১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে মিছিল করার সময় অন্য অনেকের সঙ্গে সিরাজীও গ্রেপ্তার হন।
বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে, যাদের আত্মত্যাগের স্মরণে দিনটি এখন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
মোস্তাক রসুল সিরাজীর আদি বাড়ি ভারতের চব্বিশপরগণা জেলার বশিরহাটে। পরে পরিবারের সঙ্গে ঢাকাতেই স্থায়ী হন তিনি।
মুনিরা জানান, মঙ্গলবার আসরের নামাজের পর উত্তরার ৬ নম্বর সেক্টরের মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরাস্তানে তার বাবাকে দাফন করা হবে।
মোস্তাক রসুল সিরাজী মৃত্যুর সময় স্ত্রী ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জেকে/১৫০৯ ঘ.
bdnews24