ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের দায়ে নারায়ণগঞ্জ ও মৌলভীবাজারে ১১ শিক্ষককে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাদের এবং কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর সোমবার তাদের অব্যাহতি দেন।
নারায়ণগঞ্জে অব্যাহতিপ্রাপ্তরা হলেন- রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, শিক্ষক আবদুস সোবহান মিয়া, রাশিদুল মতিন মিলন ও সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমএ জলিল এবং কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেনসহ ছয় জন।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুলের পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন পনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১ ফেব্র“য়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এই স্কুলে বিভিন্ন স্কুল থেকে পরীক্ষা দিতে আসা পুরাতন সিলেবাসের (২০১১) ১২২ জন পরীক্ষার্থীকে ২০১২ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়।
পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে গাফিলতি খুঁজে পায় বলে জানান তিনি।
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসএসসি পরীক্ষার প্রথমদিন নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কয়েকটি কক্ষে নতুন পরীক্ষার্থীদের ২০১২ সালের স্থলে ২০১১ সালের এবং পুরাতন পরীক্ষার্থীদের ২০১১ সালের স্থলে ২০১২ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করেন।
এছাড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার উত্তরপত্রের স্থলে জেএসসি পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করা হয় বলে জানান তিনি।
পরে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আব্দুল মান্নান খাঁনের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত দল বিষয়টি তদন্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০১০২ ঘ.
bdnews24