ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসএফের নির্যাতনের বিষয়টি ভারতের মানবাধিকার কমিশনকে জানিয়ে এতে কাজ না হলে জাতিসংঘে নালিশ দেওয়ার হুমকি দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
সীমান্তে গুলি একেবারে বন্ধ করা যাবে না- বিএসএফ প্রধানের এই বক্তব্যের পরদিন বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে এই হুমকির কথা জানান মিজানুর।
তিনি বলেন, “সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) নিরীহ বাংলাদেশিদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ না করলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ করা হবে।”
এ বিষয়ে ইতোমধ্যে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে মিজানুর বলেন, “ভারত সরকারের সঙ্গে আলোচনা করে সীমান্তে হত্যা-নির্যাতন বন্ধের পদক্ষেপ নিতে তাগাদা দেওয়া হয়েছে।”
দীর্ঘ দিন ধরে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশ। বিএসএফের নিষ্ঠুরতার সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও।
বাংলাদেশের প্রতিবাদের মুখে স¤প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে প্রাণঘাতী নয়-এমন অস্ত্র বিএসএফকে সরবরাহ করা হচ্ছে।
অবশ্য সীমান্তে গুলি পুরোপুরি বন্ধ হবে না বলে বিএসএফ প্রধান ইউ কে বনসাল মঙ্গলবার বিবিসকে বলেন।
বিএসএফ প্রধান বলেন, “গুলি চালানো পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব না। যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততক্ষণ সেই অপরাধ বিএসএফকে আটকাতেই হবে। সেটাই এই বাহিনীর দায়িত্ব।”
ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউজে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা হয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের চেয়ারম্যান কাজী এরতেজা হাসান, নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের সভাপতি মো. বিপ্লব, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২০৪০ ঘ.
bdnews24