চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক প্রকৌশলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সিসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী জানান, সোমবার বিকালে সিসিসি’র দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকীকে এক আদেশে ওএসডি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্বে অবহেলার জন্য মেয়রের আদেশে তাকে ওএসডি করা হয়। সিসিসি’র অ্যাস্ফল্ট প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে শামসুল হুদাকে অনুপস্থিত পেয়ে তাকে ওএসডি করার নির্দেশ দেন মেয়র।
শামসুল সিসিসি’র যান্ত্রিক শাখার অধীনে অ্যাস্ফল্ট ও রিসাইক্লিং প্ল্যান্টে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বর্তমানে ওই পদে প্ল্যান্টের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তৌহিদুল হাসানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কাজে গাফিলতির কারণে শামসুল হুদার বিরুদ্ধে বিভাগীয় মামলাও রয়েছে জানিয়ে দীপক চক্রবর্তী বলেন, মামলার তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৪৮ ঘ.
bdnews24