মামুনুর রশীদ ও আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি নির্মলেন্দু গুণ ক্রিকেট ভক্ত- এ তথ্য ক্রিকেটের নানা উপলক্ষ ঘিরে দৈনিকে প্রকাশিত তার লেখাগুলি যারা পড়েছেন তাদের কমবেশি জানা।
আপনার জানা থাকুক, বা না-ই থাকুক শেষ খবর হলো- এবারের বইমেলায় কবি নির্মলেন্দু গুণের ক্রিকেটভক্তি বাঁধা পড়ছে দুই মলাটে। মিজান পাবলিশার্স থেকে প্রকাশ হচ্ছে তার ‘ক্রিকেটসমগ্র’।
নানা সময়ে তার ক্রিকেটকেন্দ্রিক লেখার এ সংকলন হতে যাচ্ছে এবারের বইমেলায় গুণের একমাত্র নতুন বই।
কবি তার ক্রিকেটপ্রেম নিয়ে মেলা চত্ত্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন থেকেই তিনি ক্রিকেট শোনেন এবং দেখেন। ৯০-এর আগে ক্রিকেট রেডিওতে শুনেছেন, মাঠে গিয়ে দেখেছেন। এখন মাঠে-টেলিভিশনে দু’জায়গাতেই দেখেন।
কিন্তু কবি গুণের কবিতার কোনো বই এবার আসছে না কেন? তার সোজা-সাপ্টা জবাব, পাঠকের মনোযোগ তিনি খণ্ডন করতে চান না বলেই অন্য কোনো বই এবার বেরুচ্ছে না।
কী আছে ‘ক্রিকেটসমগ্রে’- জানতে চাইলে উচ্ছ্বসিত হয়ে উঠলো ক্রিকেটপ্রেমী কবির কণ্ঠ, “ক্রিকেট যারা ভালোবাসে, দেখে, খেলে সবার জন্য এই বইটিতে উপাদান আছে।”
“আমাদের বাংলা ভাষা যেমন বিবর্তনের মাধ্যমে বর্তমানে এসেছে তেমনি ক্রিকেটও একরকম ছিল না। এখন যে ব্যাট দিয়ে খেলা হয় আগে এটা এরকম ছিলো না। ওভার ছিলো কখনো ৪ বলে, কখনো ৬ কিংবা ৮ বলে।”
পাঠক ক্রিকেট সম্পর্কিত তথ্য-পরিসংখ্যান ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনাসমৃদ্ধ একটি বই পেতে যাচ্ছে- এ কথা উল্লেখ করে নির্মলেন্দু গুণ বলেন, “বইটি করার সময় আমি ক্রিকেটের গভীরে যেতে চেয়েছি। তখনকার ডন ব্র্যাডম্যান থেকে আমাদের এখনকার সাকিব আল হাসান পর্যন্ত প্রায় ১৪০ জন ক্রিকেটারের কথা আছে এখানে। আছে পৃথিবীর বিভিন্ন জায়গার ক্রিকেট সংস্কৃতি।”
বইটিতে সা¤প্রতিক সময়ে ক্রিকেটার ইমরান খানের ‘মনসুর আলী খান পতৌদি-স্মারক বক্তৃতা’ নিয়ে একটি লেখাও আছে বলে জানান কবি। এছাড়া বাংলাদেশের ক্লাব ক্রিকেটে মেহরাব হোসেন আপির পুল শটে বলের আঘাতে ভারতীয় ক্রিকেটার রমণ লাম্বা নিহত হওয়া করুণ ঘটনাও স্থান পেয়েছে বইটিতে।
তিনি এ সময় টি-টোয়েন্টি ক্রিকেটের বিরোধিতা করে আইপিএল নিয়ে ইমরানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, “ক্রিকেটের এই ফরম্যাট ইন্ডিয়ার মতো সব দেশের ক্রিকেটকে ধ্বংস করছে।”
বইমেলার মিজান পাবলিশার্সের স্টলে কথা বলতে বলতে কবি স্মরণ করলেন তার ক্রিকেট সাংবাদিকতার কথা।
“১৯৮৫ সালে শ্রীলঙ্কার ক্রিকেট টিম সর্বপ্রথম সফরে বাংলাদেশে এলে আমি সেটা কাভার করেছিলাম। দৈনিক সংবাদ এর প্রথম পাতায় সংবাদটি এসেছিলো।”
‘ক্রিকেট সমগ্র’র প্রচ্ছদ ভাবনা গুণ এর নিজের।
মিজান পাবলিশার্সের স্বত্তাধিকারী আনম মিজানুর রহমান জানান, সোমবারের মধ্যেই বইটি মেলায় আসবে।
১৯৪৫ সালে নেত্রকোণায় জন্ম নেওয়া কবি নির্মলেন্দু গুণের প্রথম কবিতার বই ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশ হয় ১৯৭০ সালে। তিনি বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/পিডি/১৮২৪ ঘ.
bdnews24