২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে বইমেলা দীর্ঘতম: শামসুজ্জামান

একুশে বইমেলায় বাংলা একাডেমীর ধারাবাহিক আয়োজন ‘গ্রন্থমেলা প্রতিদিন’ শুরু হলো শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 06:58 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বইমেলায় বাংলা একাডেমীর ধারাবাহিক আয়োজন ‘গ্রন্থমেলা প্রতিদিন’ শুরু হলো শনিবার। প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় এ আয়োজনে বইমেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানানো হবে। প্রথম দিনে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “অমর একুশের এ বইমেলা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বইমেলা। এ মেলা সফল করতে আমরা অমানুষিক পরিশ্রম করছি। নানা ধরনের সামাজিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা কাজ করে চলেছি।” বইমেলাকে একাডেমী বাজারি মেলায় পরিণত হতে দিতে চায় না বলে উল্লেখ করেন তিনি। “শুধুমাত্র প্রকাশকদের নিয়েই একটি মেলা হতে পারে। তবে একাডেমীর দেয়ালের বাইরে আমাদের পক্ষে কোনো নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব নয়।” একাডেমী প্রাঙ্গণের বাইরের স্টলগুলোর অনিয়মের অভিযোগের জবাবে তিনি বলেন, “আমাদের কাছে অভিযোগ আছে অনেকে তাদের নামে স্টল বরাদ্দ নিয়ে তা বিক্রি করেছে।” “বাইরের স্টলের এলাকা সিটি কর্পোরেশনের অধীনে হওয়ায় আমাদের পক্ষে শক্ত হওয়া সম্ভব হয় না।” মেলার আয়তন সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, “আগামী বছর মেলাকে হয়তো ভিন্ন আঙ্গিকে, ভিন্নভাবে সাজানো যাবে। তবে অবশ্যই সেটা বাংলা একাডেমীকে সামনে রেখে।” বাংলা একাডেমী সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্দ্যানে মেলা আয়োজনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, এটা সম্ভব নয়। “কারণ খোলা উদ্যানে মেলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দেয়াল দিয়ে করলে পরিবেশবাদীরা মানবেন না। অস্থায়ীভাবে টিন দিয়ে করলে সৌন্দর্য নষ্ট হবে।” “আমরা কখনোই বইমেলাকে বাংলা একাডেমীর বাইরে নিয়ে যেতে চাই না।” শনিবার দুপুর পর্যন্ত মেলায় তেমন ভীড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে ভীড় বাড়তে থাকে। তবে তা শুক্রবারের ভীড়কে ছাড়িয়ে যায়নি। মেলায় বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রোববারও ছুটির দিন হওয়ায় লোক সমাগম বাড়বে বলে আশা করছেন প্রকাশক ও বিক্রেতারা। শনিবার মেলার ৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়। এর মধ্যে শিখা প্রকাশনী থেকে প্রকাশিত মোস্তাফিজুর রহমান পিনুর ‘ক্ষমা করো, হে শহীদ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন শামসুজ্জামান খান। মেলার চতুর্থ দিনে নতুন ১৩৩টি বই প্রকাশিত হয়। এর মধ্যে গল্প ১২টি, উপন্যাস ৩২টি, প্রবন্ধ ৮টি, কবিতা ৩১টি, গবেষণা একটি, ছড়া সাতটি, শিশুসাহিত্য ছয়টি, জীবনী দুটি, মুক্তিযুদ্ধ তিনটি, নাটক একটি, বিজ্ঞান বিষয়ক তিনটি, ভ্রমণ বিষয়ক একটি, রম্য/ধাঁধা নয়টি, অনুবাদ দুটি, বৈজ্ঞানিক কল্পকাহিনী দুটি এবং বিবিধ বিষয়ের ১৩টি বই। এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হুমায়ুন আহমেদের ‘আমরা কেউ বাসায় নেই’, অনপুম প্রকাশনী’র মুহম্মদ জাফর ইকবালের ‘কিশোর নাটকসমগ্র’, বিভাস থেকে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ‘রাজনৈতিক কবিতা’, আগামী প্রকাশনীর হাসনাত আবদুল হাইয়ের ‘তিন বন্ধু এবং একটি দেশ’, অনন্যা থেকে ইমদাদুল হক মিলনের ‘নায়কের নাম কবি’, বিজয় প্রকাশ থেকে অঞ্জন ভট্টাচার্যের সম্পাদনায় পাবলো নেরুদার ‘কবিতা সংগ্রহ’ ইত্যাদি। শনিবার বিকালে মেলার রবীন্দ্র মঞ্চের আলোচনা সভায় ভাষা শহীদ রফিক উদ্দিন, আবুল বরকত ও আব্দুস সালামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়। এখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুর রহমান সুলতান ও শাহীদা আখতার। নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মেলা পরিচালনা পর্ষদের সদস্য শাহিদা খাতুন ও ভাস্কর রাসা। সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনে আলতাফ মাহমুদের জীবন-কর্ম নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করেন সেন্টু রায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পাপিয়া সারোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/পিডি/০০৫৮ ঘ.