নড়াইল, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে পদ্মবিলা গ্রামের বিল থেকে মমতাজ বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয়।
এ হত্যায় জড়িত সন্দেহে একইদিন বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে তার স্বামী হেদায়েত শেখ ওরফে হৃদয় শেখকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাবা হেদায়েত শেখ ও সৎ মা আঞ্জুআরা বেগমকে (২৫) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবা-মায়ের ২৫ বছরের দাম্পত্য জীবনে কহল শুরু হয় ২০০৭ সালে। সে বছর প্রথম স্ত্রীর অমতে হেদায়েত জয়পুর গ্রামের আঞ্জুআরা বেগমকে বিয়ে করেন।
শুক্রবার রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে মমতাজ বেগমকে বাড়ি থেকে মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করেন হেদায়েত। তার (বাবা) গায়ে রক্তের দাগ দেখে সন্দেহ হলে বাড়ির পাশের বিলে গিয়ে মায়ের লাশ দেখতে পান বলে দাবি করেন রবিউল।
তিনি অভিযোগ করেন, “বাবা ও সৎ মা আমার মাকে হত্যা করেছে।”
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মমতাজকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে। নিহতের গলা ছাড়াও হাত ও শরীরে জখমের চিহ্ন রয়েছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসআই আরো জানান, হেদায়েতের দ্বিতীয় স্ত্রীকেও আটকের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৫২ ঘ.
bdnews24