২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন নম্বর ঠিক রেখে অপারেটর বদলে আরো অপেক্ষা

মোবাইল ফোন নম্বর না বদলেই অন্য অপারেটরের গ্রাহক হওয়ার সুবিধা (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি) পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হবে আরো অন্তত এক বছর। জানাচ্ছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:23 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন নম্বর না বদলেই অন্য অপারেটরের গ্রাহক হওয়ার সুবিধা (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি) পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হবে আরো অন্তত এক বছর। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, নীতিমালা তৈরি ও টেলিকম খাতের কিছু প্রযুক্তিগত উন্নয়নের পরই এ সুবিধা দেওয়া সম্ভব। এমএনপি চালু হলে নম্বর ঠিক রেখেই এক মোবাইল অপারেটর থেকে অন্য অপারেটরের গ্রাহক হওয়ার সুযোগ থাকবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি গ্রাহকরা বেশি সুবিধা ভোগ করার সুযোগ পাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত ৮ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চলতি বছরের মধ্যে এমএনপি সুবিধা চালুর পরামর্শ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, এমএনপি চালু হলে গ্রাহক ধরে রাখতে কোম্পানিগুলোর মধ্যেও প্রতিযোগতা থাকবে। অবশ্য কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ পদ্ধতি চালুর জন্য মোবাইল লাইসেন্স (টুজি) নবায়ন গাইডলাইনে ইতোমধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এমএনপি চালু করতে নীতিমালা প্রণয়নে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। নীতিমালা প্রণয়নের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু প্রযুক্তিগত সমস্যা ঠিক করে এমএনপি সুবিধা চালু করা হবে। আগামী এক বছরের মধ্যে এ সুবিধা চালু করা যাবে বলে আমরা আশা করছি।” বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে মোবাইল নম্বর পোর্টেবিলিটি পরিসেবা চালু রয়েছে। প্রযুক্তিগত ও অন্যান্য সমস্যা বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রযুক্তিগত কিছু সমস্যা এবং নীতিমালা না থাকার কারণেই এ সুবিধা চালুর বিষয়টি বিলম্বিত হচ্ছে। এর মধ্যে একটি হলো অপারেটরগুলোর মধ্যে আন্তঃসংযোগ তৈরির জন্য ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স এর সংখ্যা কম থাকা। বর্তমানে বিটিসিএল, গেটকো ও আরএমএন্ডএইচ আইসিএক্স অপারেটর হিসেবে মোবাইল ফোন অপারেটরগুলোকে আন্তঃসংযোগের সুবিধা দিচ্ছে। ওই কর্মকর্তা জানান, আইসিএক্সের (ইন্টার কানেকশন এক্সচেঞ্জ) আরো কয়েকটি লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমানে আবেদন মূল্যায়নের কাজ চলছে। লাইসেন্স পেলে এসব আইসিএক্সের সেবা পেতে অপারেটরদের চুক্তি করতে হবে। আর কোন অপারেটর কোন আইসিএক্সের সঙ্গে চুক্তি করবে তা ঠিক না হওয়া পর্যন্ত এমএনপি চালু করা সম্ভব হবে না। কারণ কোনো গ্রাহক এনএমপি সুবিধা নিলে তা নিশ্চিত করতে হবে আইসিএক্সের মাধ্যমেই। নতুনভাবে আইসিএক্স লাইসেন্স দেওয়া এবং কার্যক্রম শুরু করতে কয়েক মাস সময় প্রয়োজন বলে বিটিআরসি কর্মকর্তারা জানান। তাছাড়া এমএনপি সুবিধা পেতে গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে অন্য অপারেটরে যেতে হবে। তবে অপারেটর পরিবর্তন করলে নির্দিষ্ট একটি সময়ের পর অন্য অপারেটররে যেতে পারবে গ্রাহক। এতে অপারেটরগুলোর মধ্যে রাজস্ব ভাগাভাগির বিষয় থাকবে। এসব ঠিক করে তবেই এমএনপি সুবিধা দেওয়া যাবে গ্রাহকদের। বিটিআরসির হিসাবে, বর্তমানে বাংলাদেশে ৬টি মোবাইল অপারেটরের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১১১০ ঘ.