ঢাকা/চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক সরকারি কর্মচারীসহ দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার নিউমার্কেট ফুট ওভার ব্রিজের নিচে সূচনা পরিবহনের বাসের চাপায় ফখরুল হোসাইন (২৫) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক গৌতম কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিমপুর থেকে উত্তরাগামী সূচনা পরিবহনের একটি বাস পেছন থেকে ফখরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা গৌতম বলেন, বাসটি আটক করে থানায় নিয়েছে পুলিশ। তবে বাসচালককে আটক করা যায়নি।
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার রামপুরা এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে বাসের ধাক্কায় আল মামুন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মামুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের হালিশহর রামপুরা বিক্রয় ও বিতরণ অফিসের সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার তোড়াগড় গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মিকি বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অফিস থেকে বের হয়ে রামপুরা এসি মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস ধাক্কা দেয় মামুনকে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/আরআরডি/২৩৩৭ ঘ.
bdnews24