২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ও গাজীপুরে দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল ও গাজীপুরে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 06:41 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

টাঙ্গাইল/গাজীপুর, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও গাজীপুরে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, রাত ৮টার দিকে ভুয়াপুরের চিতুলিয়াপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শাহ আলম (২৫) নিহত হন। আহত হন ওই মোটরসাইকেলের আরোহী শামীম (২০)। নিহত শাহ আলম উপজেলার শাবলপুড়া গ্রামের প্রয়াত হাসেন ম-লের ছেলে। আহত শামীম কালিহাতী উপজেলার বাউয়াল গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে। তাকে ভুয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আলম বলেন, ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। বাসটি আটক করা যায়নি। গাজীপুর প্রতিনিধি জানান, রাত সোয়া ৮টার দিকে শ্রীপুর উপজেলার মাওনার সিএন্ডবি বাজারে একটি ট্রাক রাস্তার পাশে দোকানে ঢুকে গেলে নবী হোসেন (৬০) নামে একজন নিহত হন। আহত হন চারজন। নিহত নবী বেরাইদেরচালার হাবিবুর রহমানের ছেলে। আহত রিকশাচালক নজরুল ইসলাম (৩০) ও মঞ্জু (৩০), পথচারী খলিলুর রহমান ও বাবুলকে (২৮) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. মাসুদ বলেন, শ্রীপুরের ২নং সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশে এক দোকানের সামনে বসেছিলেন নবী হোসেন। একটি ট্রাক হঠাৎ রাস্তার পাশের ওই দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই নবী হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে ট্রাকের দুই আরোহী রঞ্জিত (২৫) ও মোশারফকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.