নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হাতেখড়ি পর্ষদের উদ্যোগে শিশুদের ‘হাতেখড়ি উৎসব’ পালিত হয়েছে।
শুক্রবার বিকালে চাষাঢ়ায় শহীদ মিনারে ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠান শুরুর পর শিশুদের হাতেখড়ি দেন প্রবীন শিক্ষক নীহাররঞ্জন সরকার, প্রবীন শিক্ষক এ কে এম খালিকুজ্জামান, ভাস্কর্যশিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী ও চিত্রশিল্পী শহীদ কবির।
পরে শিশুদের অংশগ্রহণে নৃত্য, ব্রতচারী নৃত্য, আবৃত্তি, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উৎসবে অংশগ্রহণ করে গঙ্গাফড়িং সাংস্কৃতিক স্কুল, ষড়জ সাংস্কৃতিক অঙ্গন, চন্দ্রবিন্দু, শহরের দেওভোগ ২৯ নম্বর সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠি ও সমগীত গানের দল দলীয় ও একক লোক গান পরিবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন হাতেখড়ি পর্ষদ নারায়ণগঞ্জের আহবায়ক জাহিদুল হক দীপু, সদস্য সচিব শাহীন মাহমুদ, ভবানী শংকর রায় আহম্মেদ বাবলু, দিনা তাজরিন, পলাশ চন্দ্র দে প্রমুখ।
ভাস্কর্যশিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী বলেন, মহান বাংলা ভাষার চর্চা করতে হবে। চারদিক থেকে বাংলা ভাষার উপর আক্রমণ করা হচ্ছে। এই আক্রমণ প্রতিহত করতে হলে শিশুদের মধ্যে বাংলা ভাষার প্রতি প্রেম জাগাতে হবে। এজন্য হাতেখড়ির মতো অনুষ্ঠানের আয়োজন বেশি করে করতে হবে।
হাতেখড়ি পর্ষদ নারায়ণগঞ্জের আহবায়ক জাহিদুল হক দীপু জানান, হাতেখড়ি বাংলার মানুষের জীবন নির্মাণের প্রথম প্রয়াস। মানব শিশুর প্রথম শিক্ষা গ্রহণের দিন। হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে শিশুর বিদ্যা চর্চার সূচনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২১১৮ ঘ.
bdnews24