চাঁদপুর, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন নিহত মো. সাইফুল ইসলামের (৩০) স্ত্রী রোজিনা আক্তার, শাশুড়ি সামছুন নাহার ও জেঠি শাশুড়ি নূরজাহান বেগম।
শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
সকালে গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের ভূঁইয়া বাড়ীর নিজ ঘর থেকে আবদুল খালেকের ছেলে মো. সাইফুল ইসলামের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, গত ১ ডিসেম্বর একই ইউনিয়নের হোটনী গ্রামের মো. সফিকুল ইসলামের মেয়ে রোজিনা আক্তারের (১৮) সঙ্গে সাইফুলের বিয়ে হয়।
সাইফুল লক্ষ্মীপুরে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন। থাকতের সেখানেই। বৃহস্পতিবার স্ত্রী ও শাশুড়ি তাকে বাড়ি আসতে বলেন। একইদিন স্ত্রী, শাশুড়ি আর জেঠি শাশুড়িও বাড়ি আসেন। এর আগে স্ত্রী বাবার বাড়ি ছিলেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই তিনজন কাউকে না জানিয়ে চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের সন্দেহ হয়। এ সময় সাইফুলের মা ও বোন ঘরে গিয়ে সাইফুলের ঝুলন্ত লাশ দেখেন।
এরপর তাদের চিৎকারে বাড়ির ও গ্রামের লোকজন গিয়ে এ তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।
এসআই আনোয়ার হোসেন আরো বলেন, নিহতের বোন পারভীন আক্তার হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।
সাইফুলের বোন পারভীন আক্তার বলেন, “বউ-শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে আমার ভাইকে খুন করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24