বাগেরহাট/বরগুনা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহৃত হওয়ার পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন ১০ জন ভারতীয়সহ ১৭ জেলে।
বন বিভাগের কর্মকর্তাদের তারা জানিয়েছেন, গভীর সাগরে মাছ ধরার সময় গত ২৬ জানুয়ারি গামা বাহিনীর লোকজন তাদের অপহরণ করে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর ক্যাম্পে একটি ট্রলার নোঙ্গর করে। ওই ট্রলারে থেকেই ১০ ভারতীয় নাগরিককে ক্যাম্পে নামিয়ে দেওয়া হয়।
“ট্রলারের লোকজন নিজেদের বাংলাদেশি জেলে পরিচয় দিয়ে আমাদের জানায়, তারা জলদস্যুর কবল থেকে মুক্তি পেয়ে ফিরে এসেছেন। এর মধ্যে দশজন ভারতীয় জেলেকে এখানে নামিয়ে দিতে বলা হয়েছে।”
দশ ভারতীয়কে নামিয়ে দিয়ে তারা ট্রলার চালিয়ে দ্রুত চলে যায় বলে বন কর্মকর্তা জানান। ওই দশ জনকে বর্তমানে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
এরা হলেন- নারায়ণ দাস, নয়ন সিংহ, হরিধন দাস, রতন দাস, শচীন্দ্রনাথ দাস, সুদর্শন দাস, বিভূতি দাস, সূর্য দাস, রাজু দাস ও শ্রীকৃষ্ণ মাইতি। তাদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।
শুক্রবার সকালে তাদের জিজ্ঞাসাবাদের পর মিহির কুমার দো বলেন, “গত ২৬ জানুয়ারি সকাল ১০টার দিকে জলদস্যু গামা বাহিনীর লোকজন গভীর বঙ্গোপসাগর থেকে তাদের ধরে নিয়ে যায়।”
ভারতীয় জেলেরা জানিয়েছেন, জলদস্যুর হামলার সময় তাদের দুই সঙ্গী ভয়ে ট্রলার থেকে সাগরে লাফ দেন। তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।
মিহির কুমার দো জানান, ভারতীয় জেলেদের বিষয়ে ভারতীয় হাই কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। তারাই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এদিকে ওই ট্রলারের সাত বাংলাদেশি জেলে শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটায় ফেরেন। মুক্তির জন্য গামা বাহিনীকে ছয় লাখ টাকা দিতে হয়েছে বলে জানিয়েছেন তারা।
এরা হলেন- পাথরঘাটা উপজেলার খলিফার হাটের আলামিন, কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের খলিলুর রহমান ও তার ছেলে ইমরান হোসেন, বাগেরহাটের আলতাফ হোসেন, জয়নাল আবেদীন, আবদুল খালেক ও জাহাঙ্গীর হোসেন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলারসহ মুক্তি পাওয়ার জন্য আলামিনকে দেড় লাখ টাকা দিতে হয়েছে। খলিল ও তার ছেলে মুক্তি পেয়েছেন ৭০ হাজার টাকায়।
এছাড়া আলতাফ হোসেনসহ বাকি চারজনের মুক্তি জন্য গামা বাহিনীকে চার লাখ টাকা দিতে হয়েছে বলে জানান তারা।
তাদের সঙ্গে অপহৃত ভারতীয় জেলেদের মুক্তির জন্য জলদস্যুদের ১৪ লাখ টাকা দিতে হয়েছে বলে সাংবাদিকদের কাছে উল্লেখ করেন আলতাফ হোসেন।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, পাথরঘাটার ৬ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৪০ ঘ.
bdnews24