গাজীপুর, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় এক শ্রমিক নিহত হওয়ার খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্ট কর্মীরা।
কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এটিএস অ্যাপারেলের এক কর্মী বাসচাপায় নিহত হওয়ার খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নামে।
তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। আশেপাশের আরো কয়েকটি কারখানার শ্রমিকরা এ সময় বিক্ষোভে যোগ দেয়।
এসআই আব্দুস সালাম বলেন, “আজমেরী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত হওয়ার খবর পেলেও আমরা নিশ্চিত হতে পারিনি। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সড়কে ওই পরিবহনের বাস বন্ধের দাবি জানিয়েছে।”
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর পরপরই ওই সড়কে আবার যান চলাচল শুরু হয় বলে সালাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১০ ঘ.
bdnews24