২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য বিভাগের প্রশ্নপত্র ফাঁস: কুড়িগ্রামে ৮ জন রিমান্ডে

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামে আটক আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে হেফাজতে (রিমান্ডে) নিয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামে আটক আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে হেফাজতে (রিমান্ডে) নিয়েছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, আটক আটজনকে বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম হাবিবুর রহমানের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত জলিল সরকার ও তার ছেলে মাহফুজুর রহমানকে পাঁচদিন এবং বাকিদের তিনদিন হেফাজত নেওয়ার আদেশ দেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ২৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আব্দুল জলিল সরকার (৬৬) ও তার ছেলে মাহফুজার রহমান (৩৩), চান্দামারী গ্রামের আব্দুল হাই ঝুনু (২২), সদরের পুরাতন থানাপাড়া গ্রামের রুহুল আমিন (৪৫), বকসীপাড়ার মোস্তাফিজুর রহমান (৩০), কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের লুৎফর রহমান লিটন (৩৩), হলোখানা সন্যাসী গ্রামের আসাদ্জ্জুামান (১৮) ও লালমনিরহাট সদরের মনোরাম গ্রামের হাসান বসুনিয়াকে (২২) আটক করে পুলিশ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। ২৮ জানুয়ারি আটকদের আদালতে হাজির করে হেফাজতের আবেদন করলে বৃহস্পতিবার শুনানির দিন রেখে তাদের জেলহাজতে পাঠানো হয়। একই অভিযোগে গত ২৬ জানুয়ারি গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও দুই ছাত্রকে আটক করে গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৪ ঘ.