চাঁদপুর, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে চাঁদপুর পৌঁছেছে পুলিশের দুই সদস্যের তদন্ত কমিটি।
এই কমিটির প্রধান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন বলেছেন, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে সংঘর্ষস্থল চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন নির্ধারিত সময়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে কমিটি।
কমিটির অপর সদস্য চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম মিনাও এ সময় উপস্থিত ছিলেন।
গত রোববার চাঁদপুর শহরে বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে লিমন ছৈয়াল (২২) ও আবুল কাশেম মৃধা (৫০) নামের দুজন পুলিশের গুলিতে নিহত এবং শতাধিক আহত হন।
ঘটনা তদন্তে ওইদিনই এই তদন্ত কমিটি গঠন করে পুলিশ বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর পৌঁছে স্কুল মাঠের সেই স্থানটি পরিদর্শন করেন তদন্ত কমিটির দুই সদস্য, যেখানে সংঘর্ষের পর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন লিমন। ওইদিন ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তারা।
চাঁদপুরের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর জাফর, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী আব্দুল কাইয়ুম, মডেল থানার ওসি জাকের হোসাইন ও ওসি (তদন্ত) আলমগীর হোসেন মজুমদার এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, “এই তদন্ত শেষ হলে জেলা পুলিশও নিজস্ব উদ্যোগে একটি তদন্ত করবে। সোমবারই তিন সদস্যের সেই কমিটি গঠন করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফরকে এই কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন- জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আতিক আহমেদ এবং সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী আব্দুল কাউয়ুম।
নিহত আবুল কাশেম মৃধা চাঁদপুর পৌর বিএনপির ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং লিমন ছৈয়াল ৮নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। বুধবার বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া দলের পক্ষ থেকে এই দুই পরিবারকে আর্থিক সহযোগিতা দেন।
এ ঘটনায় সোমবার পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার অভিযোগে সদর থানায় দুটি মামলা করে। দুই মামলায় নিহত দুই জনসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর ৫৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫ হাজার জনকে আসামি করা হয়।
অন্যদিকে আবুল কাশেম মৃধার স্ত্রী ফাতেমা বেগম মনি মেজিস্ট্রেট ও পুলিশের ৪৬ কর্মকর্তার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৯৬ জনকে আসামি করে বুধবার চাঁদপুরের আদালতে একটি মামলা করেন।
আদালত এ মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪৫০ ঘ.
bdnews24