ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমী চত্ত্বরে ধুলোবালি, স্টল তৈরির ঠুক-ঠাক আওয়াজ- এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বুধবার শুরু হয়ে গেল চলতি বছরের একুশে বইমেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিকেল ৫টায় শুরু হয় মেলা উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ দর্শনার্থীদের জন্য।
মেলা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ প্রকাশনা সংস্থা এখনো তাদের স্টল পুরোপুরি তৈরি ও সাজাতে পারেনি। বিপুল সংখ্যক স্টলের এখনো সাজসজ্জার কাজ চলছে।
এমনকি বাংলা একাডেমীর তত্ত্বাবধায়নে থাকা তথ্যকেন্দ্র, বাংলা একাডেমী ক্যাফেটরিয়াও এখনো চালু হয়নি। একাডেমীর তত্ত্বাবধানে একটি ‘মিডিয়া সেন্টার’ থাকলেও সেখানে ইমেইল বা ফ্যাক্সের সুবিধা পাওয়া যায়নি মেলার প্রথম দিন।
বরাবরের মতো এবারও পুরো মেলাকে ভাষা শহীদ, বরেণ্য লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে নয়টি চত্ত্বরে ভাগ করার ঘোষণা ইতিপূর্বে দেওয়া হয়। তবে কোনো চত্ত্বরেই কোনো নামফলক বসেনি এখনো।
এছাড়া নিরাপত্তার স্বার্থে আর্চওয়ে দিয়ে বাধ্যতামূলক প্রবেশে একাডেমী কর্তৃপক্ষের যে ঘোষণা ছিল তার বাস্তবায়নে তেমন নজরদারি দেখা যায়নি।
স্টলগুলো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় প্রথম দিন বইমেলাকে চিরাচরিত চেহারায় দেখা যায়নি।
ধুলো থেকে বাঁচতে মাস্ক পরে মেলায় ঘুরছিলেন যাত্রাবাড়ি থেকে আসা মোফাজ্জল হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বইমেলা প্রাণের প্রকাশের জায়গা। অথচ এখানে এসে ধুলায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। কোনো অজুহাতে এই অবস্থা চলতে দেওয়া যায় না। এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে কাল থেকেই কর্তৃপক্ষকে এর সমাধান করতে হবে।”
মিরপুর বাংলা কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মাসুদ আলম বলেন, “ধুলোবালির কারণে মেলায় ইচ্ছামতো ঘোরা যাচ্ছে না।”
মুখে মাস্ক পরে ঘুরতে থাকা মাসুদ অবশ্য এর পরও ১১ মাস পর আবার বইয়ের মেলায় ফিরতে পেরে খুশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “স্টলগুলোতে এখনো বই আসেনি। নতুন বইয়ের সংখ্যা হাতে গোনা। আবার পুরনো অনেক বই খোঁজ করার পর উত্তর পাওয়া যাচ্ছে, ‘এখনো আসেনি, কাল থেকে পাবেন’।”
মেলার বিভিন্ন অব্যবস্থাপনা বিষয়ে বাংলা একাডেমীর জনসংযোগ দপ্তরের প্রধান মোর্শেদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিন তো...। কাল থেকে সব ঠিক হয়ে যাবে।”
মেলায় নতুন বই
মেলায় নতুন বই বলতে হুমায়ূনের ‘মেঘের ওপর বাড়ি’ই ছিলো আলোচনায়। এই বইয়ের জন্য প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের স্টলে ব্যাপক ভিড় দেখা যায়। এছাড়া হুমায়ূনের গত জন্মদিনে প্রকাশ হওয়া বই ‘রং পেন্সিল’ও এখন মেলায় এসেছে।
একটি বেসরকারি বিমান সংস্থায় চাকরিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানজিদা আরেফিন তনিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় এসে প্রথমেই হুমায়ূনের ‘মেঘের ওপরে বাড়ি’ বইটি কিনলাম।”
কবি নজরুল কলেজের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী আব্দুস সোবহান বলেন, “আমার কাছে মেলা মানেই হুমায়ূন। তার লেখা ভীষণ ভালো লাগে। এ কারণে এসেই হুমায়ূনের নতুন উপন্যাসটি কিনে নিয়েছি।”
নিজেদের বইগুলোর মধ্যে হুমায়ূনের বিক্রিই শীর্ষে উল্লেখ করে অন্যপ্রকাশের পরিচালক মাসুম রহমান বলেন, “প্রথম দিনে এমনিতেই বিক্রি একটু কম হয়। তবে গত বছরের প্রথম দিন থেকে এবারের বিক্রি নিঃসন্দেহে ভালো হয়েছে।”
মেলায় প্রথম দিন আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দ্য কোয়েস্ট ফর ভিশন-২০২১’ (বক্তব্য সংকলন)। বইটি প্রকাশ করেছে মওলা ব্রাদার্স। সময় প্রকাশন আনিসুল হকের উপন্যাস ‘না মানুষি জমিন’সহ মোট ১২টি নতুন বই প্রকাশ করেছে।
বইমেলার প্রথম প্রকাশনী মুক্তধারা এনেছে ১০টি নতুন বই। প্রথম দিনে আগামী প্রকাশনী তসলিমা নাসরিনের ‘শ্রেষ্ঠ কবিতা’ নামে একটি কবিতা সংকলন প্রকাশ করেছে। বৃহস্পতিবার তসলিমার আত্মজীবনীর সপ্তম খণ্ড প্রকাশিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩১৯ ঘ.
bdnews24