২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে হামলা পরিকল্পনায় ২ বাংলাদেশি

মুম্বাই হামলার আঙ্গিকে যুক্তরাজ্যের রাজধানীতে মার্কিন দূতাবাসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন নয় জন কট্টরপন্থী মুসলমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই হামলার আঙ্গিকে যুক্তরাজ্যের রাজধানীতে মার্কিন দূতাবাসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন নয় জন কট্টরপন্থী মুসলমান। এদের মধ্যে লন্ডনের বাসিন্দা মোহাম্মদ চৌধুরী (২১) ও শাহ রহমান (২৮) নামে দুই বাংলাদেশি রয়েছেন বলে এক প্রতিবেদনে বলেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল। লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে নয় জন দোষ স্বীকার করেছেন। আগামী সপ্তাহে এদের সাজা ঘোষণা হবে। ২০১০ সালের ২৮ নভেম্বরের দুই বাংলাদেশির পিছু নেয় সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। আল-কায়েদার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ২০১০ সালের বড়দিনের প্রাক্কালে লন্ডনে মার্কিন দূতাবাস, মেয়র বোরিস জনসন, স্টক এক্সচেঞ্জ ও দুটি গির্জায় তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়। একজনের বাসা থেকে উদ্ধার হওয়া হামলার লক্ষ্যস্থলের তালিকা দেখে এ বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। কার্ডিফের তিন বাসিন্দা এবং স্টোকের চার জন মুসলমান এ হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তবে হামলার সুনির্দিষ্ট তারিখ ঠিক করার আগেই তাদের ধরে ফেলে পুলিশের সন্ত্রাস দমন বিভাগের গোয়েন্দারা। স্টোকের চার জন ছিলেন পাকিস্তানি। তারা সেখানের বিভিন্ন বারের টয়লেটে হাতবোমা ফেলে রাখার পরিকল্পনা করেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় দক্ষতা অর্জনে বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণেরও পরিকল্পনা ছিলো তাদের। পাইপ বোমা বানানোর পদ্ধতি নিয়েও আলোচনা করেন পরিকল্পনাকারীরা। বিভিন্ন কট্টরপন্থী ইসলামি দলগুলোর সদস্য হওয়ার সুবাদে তাদের পরিচয় হয়। পুলিশের চোখ এড়াতে ইন্টারনেট, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে সাধারণত পার্কে মিলিত হতেন তারা। টাওয়ার হ্যামলেটসের স্ট্যানলিফ হাউজের বাসিন্দা মোহাম্মদ চৌধুরী ও নিউ হ্যামের সেন্ট বার্নাডস রোডের বাসিন্দা শাহ রহমান লন্ডন স্টক এক্সচেঞ্জের টয়লেটে শক্তিশালী বোমা (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) পুঁতে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে আদালতে স্বীকার করেছেন। লন্ডনে মার্কিন দূতাবাসে মেইল বোমা পাঠানোর পরিকল্পনাও ছিল তাদের। কার্ডিফের আলবার্ট স্ট্রিটের গুরুকান্থ দেশাই (৩০) ও নিনিয়ান পার্ক রোডের আব্দুল মিয়া (২৫) চেয়েছিলেন মুম্বাইয়ে ২০০৭ সালের হামলার মতো লন্ডনে হামলা চালাতে। স্টোকের বাসিন্দা উসমান খান (২০), মোহাম্মদ শাহজাহান (২৭), নাজাম হুসেইনও (২৬) সন্ত্রাসী হামলার চালানোর জন্য সঙ্গীদের সঙ্গে নানা স্থানে বৈঠকের কথা স্বীকার করেন। কার্ডিফ থেকে গ্রেপ্তার হওয়া ওমর লতিফ (২৮) সন্ত্রাসী কর্মকাণ্ডে অন্যদের সহযোগিতার উদ্দেশ্যে বৈঠকে যোগ দেন বলে আদালতকে জানান। স্টোক থেকে গ্রেপ্তার হওয়া চতুর্থ অপরাধী মহিবুর রহমান (২৭) সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে আল-কায়েদার ম্যাগাজিন ‘ইনস্পায়ার’ সংরক্ষণের কথা স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৩৮ ঘ.