২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে সর্বাত্মক সহায়তা’

আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শেখ হাসিনা বলেন, “প্রার্থী, ভোটার, গণমাধ্যম, দেশি বিদেশি পর্যবেক্ষকসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে। জনগণ সানন্দে ইভিএমে ভোটদান পদ্ধতি গ্রহণ করেছে।” যুগোপযোগী ভোট ব্যবস্থাপনায় ইসির ইভিএম ব্যবহারের উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনকে সহজ ও স্বচ্ছ করা এবং তাৎক্ষণিকভাবে দ্রুত সময়ে নির্ভুল ফল ঘোষণায় ইভিএম একটি আধুনিক দৃষ্টান্ত। পৃথিবীর অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে ইভিএম ব্যবহারের প্রশংসিত নজির রয়েছে।” সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সংসদ নেতার কাছে টেবিলে উত্থাপিত প্রশ্নে সামাদ জানতে চান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ইসি বেশ কিছু নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নিয়েছে। এ পদ্ধতিটি জনগণের মাঝে কেমন সাড়া জাগিয়েছে? ইসির মাধ্যমে এ পদ্ধতির সুফল আরো প্রচারের ব্যবস্থা করে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে ইসিকে সর্বতো সহায়তার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না তাও জানতে চান এ সাংসদ। জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। সংবিধানের ১১৮ (৪) অনুচ্ছেদ অনুযায়ী ইসি দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন। পাশাপাশি সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী ইসির দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য।” ইভিএম পদ্ধতি জনগণের মধ্যে কেমন সাড়া জাগিয়েছে তা নিরূপণ এবং পদ্ধতিটির সুফল সম্পর্কে প্রচারও স্বাধীন ইসির দায়িত্বের আওতাভুক্ত বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা বলেন, “তাই আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের ইসিকে কমিশনের চাহিদা অনুযায়ী সর্বাত্মক সহায়তা দেওয়া সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। সে অনুযায়ী ইসি চাইলে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।” সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলে আধ ঘণ্টার বেশি। ২০১০ সাল থেকে শুরু করে গত জানুয়ারি পর্যন্ত তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার ক্রমান্বয়ে বাড়িয়েছে নির্বাচন কমিশন। সর্বশেষ জানুয়ারির কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সবকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে বিভিন্ন সময় জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই যন্ত্রের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি প্রয়োগের পক্ষে তারা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমে সমর্থন জানালেও বরাবরই ইভিএমের বিরোধিতা করে আসছে বিএনপি। স¤প্রতি বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া জাতীয় নির্বাচনে ইভিএম মানবেন না বলে ঘোষণা দিয়েছেন। বুধবার ইভিএম’র পরিচিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ইভিএম হচ্ছে একটি ব্যাটারিচালিত ইলেকট্রনিক ভোটিং মেশিন। যার মাধ্যমে ভোটাররা প্রতীকের পাশে বোতাম টিপে ভোট দিতে পারেন। এতে বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না।” “এ মেশিনে ভোটারদের কোনো ভোট বাতিল হওয়ার সম্ভাবনা থাকে না এবং ভোট শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত নির্ভুল ফলাফল দেওয়া যায়।” তিনি জানান, বাংলাদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে একটি ওয়ার্ডের ১৪টি ভোটকেন্দ্রে প্রথম ইভিএমে ভোটগ্রহণ হয়। এরপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৫৮টি ওয়ার্ডে, কুমিল্লা সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভার উপ নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হয়। ইতোমধ্যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে বিদায়ী ইসি ইভিএমের প্রটোটাইপ তৈরির নির্দেশনাও দিয়েছে। ২০১৩ সালের ২৫ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২০৫৭ ঘ.