ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষা শুরুর দিনে চারটি জেলায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে এক ঘণ্টা পর সঠিক প্রশ্নপত্র দেওয়া হলেও রংপুর, বরগুনা ও ভোলায় তিনটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিয়েছে দুই শতাধিক শিক্ষার্থী।
বুধবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২ হাজার ৪৬৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন।
এবার পুরনো (২০০৯-’১০ শিক্ষাবর্ষ) ও নতুন সিলেবাসে দু’ধরনের শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাই পরীক্ষার হলে দু’ধরনের প্রশ্নপত্রই সরবরাহ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রংপুর প্রতিনিধি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দেয় পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীরা।
প্রশ্নপত্র পাওয়ার পরপরই প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী জানায়, তাদের দেওয়া হয়েছে ২০১১ সালের প্রশ্নপত্র। এ সময় তারা ২০১২ সালের প্রশ্নপত্র দিতে বললেও কর্তব্যরত শিক্ষকরা তা দেননি বলে অভিযোগ পরীক্ষার্থীদের।
ফলে পুরনো প্রশ্নপত্রেই তারা পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে বিষয়টি সবাই জানলে হৈ চৈ শুরু হয়।
রংপুর পুলিশ লাইন স্কুল কেন্দ্রে পরীক্ষা দেওয়া (পুরনো প্রশ্নে) মোখলেসুর রহমান, আলী আহসান ও অমিত বণিক সাংবাদিকদের জানায়, তারা প্রশ্নপত্র পাওয়ার পরপরই কর্তব্যরত শিক্ষককে বার বার অনুরোধ করা সত্ত্বেও তারা কান দেননি।
সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা।
পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আকবর এ ঘটনাকে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্টের চক্রান্ত বলে দাবি করেন। এর প্রতিকারও চেয়েছেন তিনি।
সালাম মিয়া নামের এক অভিভাবক বলেন, “আমার ছেলের ভবিষ্যত কী হবে? তারা নাকি পাস মার্ক পাইয়ে দেবে। এতে কম নম্বরের কারণে কোথাও ভর্তি হতে পারবে না ছেলেটা।”
রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মো. মিজানুর রহমান ঘটনার বলেন, মাত্র দুটি কক্ষে এ ঘটনা ঘটেছে। যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটে।
বিষয়টি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে কী করা হবে, তা তিনি জানাতে পারেননি।
এদিকে পরীক্ষার্থী ও অভিভাবকরা রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, লাখাই উপজেলায় বামই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথমে প্রশ্নপত্র দেওয়া হয় ২০১১ সালের। ৪৫ মিনিট পর শিক্ষার্থীরা হৈ চৈ শুরু করলে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। জটিলতার জন্য অতিরিক্ত ৪৫ মিনিট সময়ও দেওয়া হয় পরীক্ষার্থীদের।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সিলেট বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মাহমুদ হাসানকে জানান।
“শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নির্দেশে ৪৫ মিনিট পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীদের অতিরিক্ত ৪৫ মিনিট সময়ও দেওয়া হয়।”
বরগুনা প্রতিনিধি জানান, পাথরঘাটা উপজেলার কে এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৬ জন ক্যাজুয়াল (২০০৯-১০ শিক্ষাবর্ষ) পরীক্ষার্থীর ২০১১ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের পরীক্ষা নেওয়া হয়েছে ২০১২ সালের প্রশ্নপত্রে।
কেন্দ্র সচিব কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর বলেন, ভুলবশত ২০১২ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
যে সব পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তাদের আরএমও শিট আলাদা করে রাখা হয়েছে বলে তিনি জানান।
পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ২০১১ সালের প্রশ্নের কোনো ঘাটতি ছিল না। কেন্দ্র সচিবের ভুলেই এ ঘটনা ঘটেছে।
ভোলা প্রতিনিধি জানান, ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে বুধবার ৬৪ জন শিক্ষার্থী দুই ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে।
পরীক্ষার্থী ইউসুফ হোসেন, সাব্বির ও ইব্রাহিম জানায়, তারা ২০১২ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসেন।
কিন্তু তাদের কক্ষে (১৬ নম্বর) ২০১১ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি তারা সঙ্গে সঙ্গে হলের দায়িত্বরত শিক্ষকদের জানালেও কোনো ব্যবস্থা না নিয়ে পরীক্ষা দিতে বলেন।
আরেক ছাত্র কাফি বলেন, “২০১১ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে এসে দেখি আমাকে ২০১২ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তাই আমাদের মতো অনেকেই সব প্রশ্নের উত্তর দিতে পারেনি।”
এ ব্যপারে কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক ও ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন বলেন, “পরীক্ষা চলাকালে ছাত্ররা আমাদের জানায়নি। আমরাও বিষয়টি লক্ষ করিনি।”
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জাকিরুল হক বলেন, “শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।
“তারা বলেছেন- সিলেবাস অনুযায়ী খাতা মূল্যায়ন করা হবে। এতে কোনো সমস্যা নেই।”
এ ব্যপারে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গুহের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীরের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৩ ঘ.
bdnews24