২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠলো একুশে বইমেলার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বুধবার বিকেল ৫টায় শুরু হয়েছে বাঙালির মিলনমেলা হিসেবে পরিচিত হয়ে ওঠা অমর একুশে গ্রন্থমেলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বুধবার বিকেল ৫টায় শুরু হয়েছে বাঙালির মিলনমেলা হিসেবে পরিচিত হয়ে ওঠা অমর একুশে গ্রন্থমেলার। মেলায় শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও প্রথম দিনেই এসেছে জনপ্রিয়তম লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘মেঘের ওপরে বাড়ি’। বিকাল ৪টায় অনুষ্ঠানের মাধ্যমে মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণের প্রধান ফটক খুলে দেয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানের পর। সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করার অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও দোয়েল চত্বর এলাকায় জড়ো হয় অনেক দর্শনার্থী যাদের অধিকাংশই তরুণ। এদের একজন স্কুলের পোশাক পড়া ইমরুল হোসেন বন্ধুদের নিয়ে সকাল ১১টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে অপেক্ষা করছিলেন। হুমায়ূন আহমেদের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘তার অটোগ্রাফ নেওয়ার সুযোগ এবারের মেলায় থাকবে না, এটা মানতেই পারছি না।” ইমরুলের কাছে হুমায়ূন আহমেদের অটোগ্রাফসহ ১২টি বই আছে। “কোনভাবে আসতে পারলে একদিনের জন্য হলেও তার মেলায় আসা উচিত,” বলেন এই হুমায়ূনভক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া হাসান মিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেব্র“য়ারি মাসে আমাদের আড্ডা বিষয়, স্থান সব কিছুই বদলে যায়। মাসজুড়ে সব কাজে থাকে বইমেলার ছোয়া। লেখকদের কাছাকাছি যাওয়ার সর্বোত্তম সময় এটা।” “আর এই মেলার প্রাণ হয়ে থাকেন হুমায়ূন আহমেদ। হয়তো প্রতিদিন উনি মেলায় আসতেন না। তবে তার একটি অস্তিত্ব আমরা অনুভব করতে পারতাম। কবে তিনি মেলায় আসবেন সেই দিনের অপেক্ষায় থাকতাম।” এবারের বই মেলায় জনপ্রিয় লেখক হুমায়ূনের মোট ৭টি বই আসবে। এর মধ্যে অন্য প্রকাশের মাধ্যমে বাজারে আসবে ৬টি। এগুলো হচ্ছে, ‘মেঘের ওপরে বাড়ি’, ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি, বল্টু ভাই’, ‘নিউইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ’, ‘পায়ের তলায় খড়ম’ (ভ্রমণকাহিনী), ‘দেয়াল’ ও বাছাই গল্প রচনাবলীর ৫ম খণ্ড। কাকলি প্রকাশনী আনবে অন্য বইটি। অন্য প্রকাশের পরিচালক আব্দুল্লাহ নাসের বলেন, এর মধ্যে বাছাই গল্প, রচনাবলীর ৫ম খণ্ড ছাড়া সবগুলোই নতুন বই। ‘বাছাই গল্প’ বইতে ২৫টি গল্প থাকবে। এর মধ্যে নতুন গল্প থাকবে ১টি। এই গল্পটি হুমায়ূন এখন লিখছেন। হুমায়ূনের অনুপস্থিতি মেলায় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন নাসের, “দেশে থাকলেও হুমায়ূন প্রতিদিনতো আর মেলায় আসতেন না। সর্বোচ্চ তিনদিন আসতেন। তাও আবার দুই চার ঘণ্টার জন্য। গত ১০ বছর ধরে এভাবেই আমরা দেখে এসেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই মেলায় হুমায়ূন নেই, আবার হুমায়ূন আছেন। শারিরীকভাবে তার অনুপস্থিতি থাকলেও তার বই পাঠকরা মেলায় পাবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/ ১৭২৪ ঘ.