২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমদিনে হুমায়ূনের ‘মেঘের ওপরে বাড়ি’

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাতটি বই একুশের বইমেলায় আনছে অন্য প্রকাশ ও কাকলী প্রকাশনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাতটি বই একুশের বইমেলায় আনছে অন্য প্রকাশ ও কাকলী প্রকাশনী। এর মধ্যে অন্য প্রকাশের ছয়টি এবং কাকলী প্রকাশনীর রয়েছে একটি বই। বইমেলার প্রথম দিন বুধবার আসছে উপন্যাস মেঘের ওপরে বাড়ি। অন্যগুলো হল- হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই, নিউইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ, পায়ের তলায় খড়ম (ভ্রমণকাহিনী), দেয়াল (উপন্যাস), বাছাই গল্প- রচনাবলীর ৫ম খণ্ড এবং কাকলী প্রকাশনীর একটি বই। অন্য প্রকাশের পরিচালক আব্দুল্লাহ নাসের বলেন, “এর মধ্যে বাছাই গল্প-রচনাবলীর ৫ম খণ্ড ছাড়া সবগুলোই নতুন বই। বাছাই গল্প বইতে ২৫টি গল্প থাকবে। এর মধ্যে নতুন গল্প থাকবে একটি। সেটি হুমায়ূন এখন লিখছেন।” বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন। নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি। নিউ ইয়র্কের কুইন্সে একটি বাসা ভাড়া করে সেখানেই থাকছে হুমায়ূন পরিবার। গত ২১ জানুয়ারি অষ্টম কেমো থেরাপি শেষে চিকিৎসকরা তার সিটিস্ক্যানের পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬১৪ ঘ.