মানিকগঞ্জ, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে একটি খামারের প্রায় সাড়ে ১২ হাজার বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয় ১০ হাজার ডিম।
মঙ্গলবার রাতে সদর উপজেলার জয়রা এলাকার এম এস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির এসব মুরগি ও ডিম উপজেলা প্রশাসনের সহায়তায় প্রাণিসম্পদ অধিদপ্তর মাটি চাপা দেয়।
এম এস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির মালিক মোনায়েম খান জানান, কয়েকদিন ধরেই তার খামারের মুরগি মারা যাচ্ছিলো। সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরকে অবহিত করেন।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিনয় কুমার নাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই খামারের মুরগির মধ্যে বার্ড ফ্লুর লক্ষণ দেওয়া দেওয়ায় মানিকগঞ্জের আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান গবেষণাগারে নমুনা পাঠানো হয়। গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র রায় মঙ্গলবার দুপুরে বার্ড ফ্লু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
রাত ৯টার মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামালের উপস্থিতিতে খামারের ১২ হাজার সাতশ’ মুরগি নিধন ও ১০ হাজার তিনশ ডিম ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৩০০ ঘ.
bdnews24