ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত যুবকের নাম আবুল হোসেন (৩০)।
শুক্রবার সকাল ১০টায় তিনি পান্থপথের আইসিইউ ক্লিনিকে মারা যান।
হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রায়েরবাজার এলাকায় দুর্বৃত্তরা আবুলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পুলিশ আবুলকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পুলিশ আবুলকে পান্থপথে আইসিইউ ক্লিনিকে ভর্তি করালে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আবুলের স্ত্রী রোজিনা বেগম রাকিব, আনিস, আফজাল, কালাচাঁন, সেন্টু ও সাইফুলকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।
আবুলের গ্রামের বাড়ি বরিশালে গৌরনদীর মিয়ার চরে। তিনি শনির আখড়ার বাসিন্দা।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১০০ ঘ.
bdnews24