কুমিল্লা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে সহিংস ঘটনার হোতাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার কুমিল্লায় সার্কিট হাউসে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, “রামুতে যারা সহিংস ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শনাক্ত করতে পেরেছি। সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
আবার যাতে রামুর মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যপারে সরকার অত্যন্ত সজাগ রয়েছে বলে কামরুল জানান।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে রামুর ঘটনা তদন্ত হচ্ছে না। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করা সরকারের উদ্দেশ্য নয়।
“সামনে দুর্গা পূজা। যারা রামুর ঘটনা ঘটিয়েছে তারা পূজায়ও এরকম ঘটনা ঘটাতে পারে,” বলেন তিনি।
এজন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, পিপি মজিবুর রহমান, অতিরিক্ত পিপি গোলাম ফারুক, অতিরিক্ত পিপি আতিকুর রহমান আব্বাসী, অতিরিক্ত পিপি শহিদুল হক সাঈদ, অতিরিক্ত পিপি সর্দার আলী আজাদ, সমিতির সাবেক সভাপতি আবদুল জলিল প্রমুখ।
সভায় জেলা ও দায়রা জজ এ আর মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনসহ জেলা জাজশিপ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জেলা জাজশিপের বিচারকদের সঙ্গেও মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24