কক্সবাজার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একটি প্রতিনিধি দল শুক্রবার সকালে সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত রামুর বৌদ্ধ মন্দির ও বাড়িঘর পরিদর্শন করেছে।
আইনজীবীরা ওই হামলার বিষয়ে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গেও কথা বলেন।
১৫ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
ফেইসবুকে কোরআন অবমাননার ছবিকে কেন্দ্র করে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে, পরদিন জেলার উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা চালায় সা¤প্রদায়িক উগ্রবাদীরা।
পরিদর্শন শেষে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেছেন, “রামুর ক্ষতিগ্রস্ত এলাকা দেখলে সব মানুষের মনে কষ্ট হবে। এই ধ্বংসযজ্ঞ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার-আলবদর বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে ।
“রামুর এ ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে ’৭১ এর মানবতা বিরোধী অপরাধী চক্রের উত্থানের চেষ্টা লক্ষ্য করে যাচ্ছে।”
এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি রামুর ঘটনায় জড়িতদের শাস্তির পাশাপাশি এর পেছনে জাতীয় এবং আন্তর্জাতিক ‘ষড়যন্ত্রকারীদের’ শনাক্ত করারও দাবি জানান।
জ্যেষ্ঠ এই আইনজীবী সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠারও আহ্বান জানান।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন, বার কাউন্সিলের সদস্য সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার তানিয়া আমীর, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আবু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি কে এম সাইফুদ্দিন আহম্মেদ, সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন, মো. মাহবুব আলী, রকিবুল হক মিয়া রিপন, মো. হেলাল উদ্দিন, সৈয়দ মামুন মাহবুব, মো. আলী, নজিবুর রহমান ও শেখ আলী আহম্মেদ খোকন।
আইনজীবীরা রামুর ঘটনাস্থল পরিদর্শন শেষে উখিয়া ও টেকনাফ পরিদর্শনে যান। শনিবার তাদের কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮০০ ঘ.
bdnews24