চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কুসুমবাগে পাহাড় ধসে পড়লেও অল্পের জন্য বেঁচে গেছে ১২টি শিশুর প্রাণ।
শুক্রবার বেলা একটার দিকে নগরীর কুসুমবাগ আবাসিক এলাকার একটি পাহাড় ধসে পড়লেও নিচে খেলতে থাকা শিশুরা দ্রুত সরে যায়।
পাহাড়ের পাদদেশে ক্রিকেট ও লাঠিম খেলছিল ইয়াসিন, এমরান, আকবর, মাহফুজ, জাগির, মামুন, সজীব, শাহদাৎ, রবিন, শাওন, রমজান, আলম। এদের বয়স প্রায় ৫ থেকে ১০ বছর।
প্রত্যক্ষদর্শী মো. রিয়াজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড় ধসে পড়লে তিন শিশু বালির নিচে চাপা পড়লে এলাকার লোকজন দ্রুত এসে তাদের উদ্ধার করে।
বেঁচে যাওয়া ইয়াসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খেলার সময় হঠাৎ পাহাড় ধস দেখে তারা দৌড়ে সরে যেতে থাকে। তার গায়ে একটি পাথর পড়লে সে পড়ে যায় এবং কোমর পর্যন্ত মাটিতে চাপা পড়ে। পরে সে নিজে থেকেই সেখান থেকে বের হয়ে আসে।
প্রত্যেক্ষদর্শী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুরা ওই পাহাড়ের পাদদেশে খেলছিল। হঠাৎ পাহাড় ধসে পড়লে ছেলেরা দৌড়ে পালিয়ে যায়। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে পাহাড়টি ধসে পড়ে।
এলাকাবাসির দাবির প্রেক্ষিতে ওই পাহাড়ের বালি ও মাটি সড়িয়ে কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমক/এসবি/এসইউ/১৬৪৮ ঘ.
bdnews24