ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় গঠিত বিএনপির উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
রাত সোয়া ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তদন্ত কমিটির প্রধান মওদুদ আহমদ প্রতিবেদনটি হস্তান্তর করেন।
শুক্রবার সকাল ১১টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান মওদুদ।
গত ১ অক্টোবর খালেদা জিয়া বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনা তদন্তে ৮ সদস্যের এই কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা গত ৫ ও ৬ অক্টোবর রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ার ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন।
প্রতিবেদন জমা দেয়ার পর মওদুদ সাংবাদিকদের বলেন, “আমরা প্রতিবেদনটি শুক্রবার দেশবাসীর কাছে প্রকাশ করব। আমরা দলীয় দৃষ্টিকোণে নয়, নিরপেক্ষভাবে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনাটি তদন্ত করেছি। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহারের ভিক্ষু ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছি।’’
প্রতিবেদন হস্তান্তরের সময় তদন্ত কমিটির সদস্য আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গোলাম আকবর খন্দকার, গৌতম চক্রবর্তী ও অধ্যাপক সুকোমল বড়–য়া উপস্থিত ছিলেন।
রামুর এক যুবকের ফেইসবুক প্রোফাইলে কোরআন অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা।
রাতভর ওই হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১০ ঘ.
bdnews24