ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তরীভূত গ্যাস খাতে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
মজিনা বলেন, “দলটি শিগ্গিরই আসছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে।”
বৃহস্পতিবার ঢাকায় ইউএসএআইডি উন্নয়ন সহায়তা কর্মসূচির ঘোষণা অনুষ্ঠানে একথা জানান রাষ্ট্রদূত।
প্রস্তরীভূত গ্যাস হল এক ধরনের প্রাকৃতিক গ্যাস, যা শিলা গঠনের সময় তার ভেতরে আটকে জমা হয়ে থাকে। এ ধরনের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশেষ দক্ষতা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মে মাসে বাংলাদেশ সফরের সময় প্রস্তরীভূত গাসের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন হিলারি। সেপ্টেম্বরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে।
মজিনা বলেন, বাংলাদেশ ‘জ্বালানি দরিদ্র দেশ’ নয় এবং এদেশে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে।
“বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র এবং এ বিনিয়োগের বেশিরভাগই গেছে জ্বালানি খাতে।”
তিনি বলেন, অতিরিক্ত গ্যাস উৎপাদনে শেভরন ৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আর বঙ্গোপসাগরে প্রাথমিক গ্যাস অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কনোকো ফিলিপস।
কনোকো ফিলিপস বর্তমানে বঙ্গোপসাগরের একটি ব্লকে গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে।
কয়লা খাতের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র কয়লা খাতের উন্নয়নেও আগ্রহী।
“বাংলাদেশে সর্বোন্নত মানের কয়লার মজুত রয়েছে এবং এটা দিয়ে আগামী ৫০ বছরের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব,” বলেন তিনি।
এমসিএ তহবিল
রাষ্ট্রদূত বলেন, মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট (এমসিএ) থেকে তহবিল পেতে হলে বাংলাদেশকে অবশ্যই দুর্নীতির বিষয়টি আমলে নিতে হবে।
তিনি বলেন, এমসিএ কর্মসূচিতে ১৭টি শর্ত আছে। এগুলোর মধ্যে বাংলাদেশ কয়েকটিতে ভাল করছে এবং কয়েকটিতে ভাল করছে না।
বাংলাদেশের অবস্থান এখন ‘রেড জোনে’ আছে। এমসিএ থেকে তহবিল পেতে হলে এটাকে ‘গ্রিন জোনে’ উন্নীত করতে হবে বলে জানান তিনি।
এমসিএতে বাংলাদেশের স্কোরকার্ড অনুযায়ী, ঢাকার স্কোর -০.২১, যেখানে পাশের স্কোর হলো ০.০০। ১৭টি শর্তের মধ্যে বাংলাদেশ আটটিতে ভাল করেছে।
তিনি বলেন, “দুর্নীতির মতো জটিল বিষয়গুলোর মোকাবেলা করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে।”
ইউএসএআইডি
আগামী এক বছরের জন্য ২০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। গত বছরের চেয়ে এ পরিমাণ ১ দশমিক ৭ কোটি ডলার বেশি। এ অর্থ পাঁচটি প্রধান খাতে ব্যয় করা হবে।
গণতন্ত্র ও সরকার পরিচালনা খাতে বরাদ্দ হবে ৬০ লাখ ডলার, স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে দেওয়া হবে ৭ দশমিক ৪ কোটি ডলারের বেশি।
এছাড়া খাদ্য নিরাপত্তা খাতে ৫ দশমিক ২ কোটি ডলার, মানবিক সহায়তা খাতে ৪ দশমিক ৫ কোটি ডলার ও জলবায়ু পরিবর্তন খাতে ১ দশমিক ৯ কোটি ডলার বরাদ্দ দেয়া হবে।
রাষ্ট্রদূত বলেন, “এছাড়াও দ্বিপক্ষীয় সামরিক (মিল-টু-মিল কোপারেশন) সহযোগিতার আওতায় প্রায় ৫ কোটি ডলারের সহযোগিতা থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসজেড/এইচএএইচ/এমআই/২১৩০ ঘ.
bdnews24