কক্সবাজার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের আগে ফেইসবুক থেকে অবমাননাকর ছবি নামিয়ে যারা প্রচার করেছিল, সেই দুই যুবককে চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এই দুজন হলেন চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী আবদুল মুক্তাদির আলিফ এবং রামুর ফকিরাবাজারের ‘ফারুক কম্পিউটার টেলিকম’ এর মালিক ওমর ফারুক।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) বসুমিত্র চাকমা বৃহস্পতিবার তাদের কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন।
মুক্তাদিরকে ১০ দিন এবং ওমর ফারুককে ৭ দিনের জন্য রিমান্ডে চাওয়া হলে বিচারক তৌহিদুল ইসলাম ৪ দিন করে হেফাজত মঞ্জুর করেন বলে বসুমিত্র চাকমা জানান।
উত্তম বড়–য়া নামে রামুর এক যুবকের ফেইসবুক প্রোফাইলে কোরআন অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা।
রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
ঘটনার ১০ দিন পর মঙ্গলবার রাতে চট্টগ্রামের মুরাদপুর এলাকা থেকে মোক্তাদিরকে গ্রেপ্তার করা হয়। তিনি রামুর শ্রীকূল গ্রামের শাহাবউদ্দিনের ছেলে।
পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার দিন বিকালে মুক্তাদির ফকিরাবাজারে ফারুকের দোকানে বসে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে উত্তম বড়–য়ার প্রোফাইলে যায় এবং ‘অবমাননাকর’ ছবি ডাউনলোড করে। এরপর সেই ছবির কয়েক শ’ কপি প্রিন্ট করে বিতরণ করা হয়।
পুলিশ ঘটনার পরদিনই ‘ফারুক কম্পিউটার টেলিকম’ এর মালিক ফারুককে আটক করে এবং দোকানের কম্পিউটারসহ অন্যান্য মালামাল জব্দ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১০ ঘ.
bdnews24