২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক কারখানায় শ্রমিক বিক্ষোভ

সাভারের হেমায়েতপুরে হলমার্ক গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখানোর পর তাদের কারখানা থেকে বের করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুরে হলমার্ক গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখানোর পর তাদের কারখানা থেকে বের করে দিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ থেকে ৩৫ হাজার শ্রমিক বৃহস্পতিবার সকালে কারখানায় এসে বকেয়া বেতন ও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো আশ্বাস না দেয়ায় এক পর্যায়ে তারা মহাসড়কে বেরিয়ে আসার চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থলে মোতায়েন বিপুল সংখ্যক পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বাধা দিলে তারা আবার কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর বেলা ১১টার দিকে সাভার থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা কারখানায় ঢুকে শ্রমিকদের বের করে দেন। সাভার শিল্প পুলিশের পরিদর্শক আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্যই তাদের কারখানা থেকে বের করে সরিয়ে দেয়া হয়েছে।” হলমার্ক গ্রুপের ৭৫ থেকে ৮০টি কারখানা বর্তমানে শিল্প পুলিশ ও আনসার সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে কথা বলার জন্য হলমার্ক কর্তৃপক্ষের কাউকে কারখানায় পাওয়া যায়নি। সাভার থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে হলমার্ক গ্রুপের কারখানাগুলোর আশপাশে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪১৫ ঘ.