ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াশিংটন-ঢাকা সামরিক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক এখন বহুমাত্রিক পর্যায়ে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল জে লকলিয়ার।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ন সামরিক স্বার্থ রয়েছে বলেও বুধবার ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন তিনি।
লকলিয়ার বলেন, “আমরা একটি সমীক্ষা চালিয়েছে, যাতে আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছি- আগামী দিনে বিশ্বের কোন অঞ্চলটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। উত্তর এসেছে- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়া।”
সফররত যুক্তরাষ্ট্রের এই সামরিক কর্মকর্তা বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন।
এই বছর লকলিয়ারের আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেছেন। গত এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হয় দুই দেশের প্রথম নিরাপত্তা সংলাপ। গত সেপ্টেম্বরে হাওয়াই দ্বীপে দুই দেশের সামরিক সংলাপও হয়ে।
ওয়াশিংটন সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে দৃষ্টি ফিরিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজর বাড়িয়েছে। আগামী কয়েক বছরে এর নৌবহরগুলোর অধিকাংশ এই অঞ্চলেই রাখার পরিকল্পনা দেশটির।
লকলিয়ার বলেন, “গত এক দশকে আমাদের সামরিক বাহিনী সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রধানত মধ্যপ্রাচ্যের দিকে দৃষ্টি দিয়েছিল। এখন তা হ্রাস পেয়েছে।”
‘শুধু সামরিক ক্ষেত্রে নয়; বরং কূটনীতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এ অঞ্চলে আমাদের সম্পৃক্ততার এটি একটি নতুন সমন্বয়,” বলেন এই সামরিক কর্মকর্তা।
তিনি বলেন, “আপনার দেখতে পাচ্ছেন, এই অঞ্চলে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের তৎপরতা বেড়েছে। আমি মনে করছি এবং আশা করছি, তা অব্যাহত থাকবে।”
তবে অন্যান্য দেশ এমনকি চীনের সঙ্গেও বাংলাদেশ সামরিক সম্পর্ক গড়ে তুললে তাতে ওয়াশিংটনের কোনো আপত্তি থাকবে না বলে জানান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই সামরিক কর্মকর্তা।
তিনি বলেন, “এতে সমস্যার কিছু নেই।বাংলাদেশও চাইলে অন্যান্য সামরিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতা বাড়িয়ে এই অঞ্চল নিরাপদ রাখতে ফলপ্রসূ অবদান রাখতে পারে।”
পাশাপাশি লকলিয়ার স্পষ্ট করেন, বাংলাদেশ চাইলেই কেবল যুক্তরাষ্ট্র (সামরিক) সহযোগিতা দেবে।
যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী বাংলাদেশসহ কয়েকটি দেশে কাজ করলেও তা দেশগুলোর সরকারের সম্পূর্ন সম্মতি নিয়েই হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজে/এফএ/এমআই/০০৫৭ ঘ.
bdnews24