ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্যদেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানোর মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে ডি-এইট এর শিল্পমন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলন।
বুধবার সম্মেলন শেষে এতে গৃহীত ঢাকা ঘোষণা পড়ে শোনান শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। এই ঘোষণায় ভবিষ্যতে সহযোগিতা বাড়াতে ২২টি ক্ষেত্র চিহ্নিত করা হয়।
সম্মেলনে সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতগুলোকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়েও একমত হন শিল্পমন্ত্রীরা।
সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে দিলীপ বডুয়া বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের শিল্পোন্নয়নে আজকের বৈঠকটি ছিল অন্যতম মাইলফলক।
তিনি বলেন, “সভায় আমরা শিল্প ক্ষেত্রে বেসরকারি খাত (প্রাইভেট সেক্টর) এবং ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেছি। বর্তমানে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে প্রাইভেট সেক্টরই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।”
বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের শিল্পমন্ত্রী এবং প্রতিনিধিরা দিনব্যাপী এই বৈঠকে অংশ নেয়।
এর আগে সদস্য দেশগুলোর দুই দিন ব্যাপী বৈঠক হয়। তাতে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা শিল্প খাতের সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
বর্তমানে ডি-এইট দেশগুলো সিমেন্ট, স্টিল, ইলেক্ট্রেনিকস ও আইটি, সার, বিদ্যুৎ, খাদ্য, পোশাক শিল্প এবং খুদ্রঋণসহ ১২টি খাতে পারস্পরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।
দীলিপ বডুয়া বলেন, সদস্য দেশগুলো শিল্পখাতে সহযোগিতার পরিধি বাড়ানোর সিদ্ধান্তে একমত হয়েছে। ওষুধ শিল্পে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রে তৈরি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
ঢাকা ঘোষণায় জানানো হয়, শিল্প ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরো বাড়াতে দেশগুলো একমত হয়েছে।
ঘোষণাপত্রে শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, বিনিয়োগ বৃদ্ধি, বাজার ব্যবস্থা উন্মুক্ত করার লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পর্যায়ে সম্পর্ক বাড়ানোর পর গুরুত্বারোপ করা হয়।
এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-এইটকে আন্তঃরাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে একটি অনন্য উদাহরণ উল্লেখ করে বলেন, এর সদস্যদেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক অভিন্ন সংস্কৃতি ও মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।
১৯৯৭ সালে আটটি মুসলিম দেশ নিয়ে গঠিত হয় ডি-এইট। এর শিল্পমন্ত্রী পর্যায়ের চতুর্থ বৈঠক হবে মিসরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এফএ/এমআই/২১২৯ ঘ.
bdnews24