ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত চেষ্টায় দেশ থেকে নিরাময়যোগ্য অন্ধত্ব দূর করা যেতে পারে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আই হসপিটাল লিমিটেডের নিজস্ব ভবনের উদ্বোধন করে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা নিরাময়যোগ্য অন্ধত্ব দূর করতে সক্ষম হবো।”
রাষ্ট্রপতি দেশের দরিদ্র জনগোষ্ঠীরন চোখের চিকিৎসাসহ ছানি অপারেশনে প্রত্যন্ত এলাকায় পর্যায়ক্রমে ক্যাম্প স্থাপনে বেসরকারি সংস্থা, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, অসচেতনতা, কুসংস্কার ও চিকিৎসার অভাবে অনেককেই অন্ধত্ব বরণ করতে হয়, যা নিরাময়যোগ্য।
সমাজের দরিদ্র ও পশ্চাৎপদ বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
অন্যদের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. নিয়াজ আব্দুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১০১০ ঘ.
bdnews24