২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা ‘নাটক সাজানো’ হলে মেনে নেবেনা সাংবাদিকরা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করেছেন সাংবাদিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 06:05 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করেছেন সাংবাদিক নেতারা। ওই হত্যাকাণ্ডের আট মাস পূর্তিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় সাংবাদিক নেতারা হত্যার রহস্য উন্মোচনের নতুন সময় সীমা বেঁধে দিয়েছেন। আগামী ১৫ অক্টোবরের মধ্যে সাগর-রুনির ‘প্রকৃত’ খুনি হাজির করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে এখনো অস্পষ্টতা কাটেনি। এ হত্যারহস্যের জটও খোলেনি।” বিএফইউজের অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “সাগর-রুনিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নাটক সাজিয়ে ঘটনাকে ভিন্ন দিকে নেওয়া হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না।” স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত ৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বলেন, সাগর-রুনি হত্যায় জড়িত আট জনকে তারা চিহ্নিত করেছেন। তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। অন্য একজনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন হয়নি বলে অভিযোগ করেন সাংবাদিকরা নেতারা। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজ বাসায় খুন হন। তখন থেকেই এ হত্যার বিচার দাবিতে আন্দোলন করে আসছেন সাংবাদিকরা। স্মরণসভায় অন্যান্যের মধ্যে বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এইচএ/০০০১ ঘ.