২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির কুয়েত-মৈত্রী হলে ছাত্রীদের বিক্ষোভ

হলের দুই ছাত্রীর সিট বরাদ্দ বাতিল করায় আবাসিক শিক্ষিকার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলের দুই ছাত্রীর সিট বরাদ্দ বাতিল করায় আবাসিক শিক্ষিকার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। বুধবার রাত ৯টার দিকে ছাত্রীরা হলের বাইরে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেন। হলের শিক্ষার্থী সাবরিনা নীলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় আবাসিক শিক্ষক লোপা আহমেদ এই হলের দুইজন শিক্ষার্থীকে তার সঙ্গে দেখা করতে বলেন। তারা দেখা করতে দেরি করায় ওই শিক্ষিকা ছাত্রীদের কক্ষে এসে তাদের গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে এই দুই ছাত্রীর রুমের বরাদ্দ বাতিল ও তাদের অভিভাবকদের ফোন করেন বলে জানান অপর আবাসিক ছাত্রী প্রিয়াঙ্কা। হলের আরেক শিক্ষার্থী প্রীতিলতা জানান, বিক্ষোভের এক পর্যায়ে রাত পৌনে ১০টার দিকে আবাসিক শিক্ষিকা লোপা আহমেদ পদত্যাগ করবেন বলে জানালে বিক্ষোভ থামে। তবে এ বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদা বেগম এবং আবাসিক শিক্ষক লোপা আহমেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩৫৪ ঘ.