গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় ভিয়েলা টেক্সের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বিকালে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানায় পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁদ আলী সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ৮টায় কারখানার সহ¯্রাধিক শ্রমিক বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ভেতর থেকে কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
পরে জয়দেবপুর থানা ও শিল্পাঞ্চল পুলিশ এবং র্যাব-১-এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকালে প্রথমে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একদিনের সাধারণ ছুটি দিলে শ্রমিকরা বাসায় চলে যায়।
পরে কারাখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠক করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেয়া হয় বলে জানান শিল্প পুলিশের এসআই।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেসব শ্রমিকের চাকরির বয়স এক বছর হয়েছে তাদের ঈদ বোনাস দেয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের রয়েছে। কিন্তু এক মাস মাত্র চাকরি করছে এমন শ্রমিকরাও ঈদ বোনাস দাবি করছে।
অক্টোবর মাস শেষ না হলেও শ্রমিকরা সেই মাসের বেতন চাচ্ছে দাবি করে গার্মেন্ট কর্মকর্তা বলেন, বিক্ষোভের পর প্রথমে কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ও পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩৯ ঘ.
bdnews24