২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-শিক্ষক কর্মসূচিতে অচল রোকেয়া বিশ্ববিদ্যালয়

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে শিক্ষক ও ছাত্রের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দু’পক্ষের কর্মসূচিতে অচল হয়ে পড়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

রংপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে শিক্ষক ও ছাত্রের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দু’পক্ষের কর্মসূচিতে অচল হয়ে পড়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক কাজে যোগ দেননি। শিক্ষার্থীরাও ক্লাশ বর্জন করছে। এতে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাশ ও পরীক্ষা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রসায়ন ও পরিসংখ্যান বিভাগের খেলা ছিল। খেলায় গোল দেয়া নিয়ে পরিসংখ্যান বিভাগের এক ছাত্র ও রসায়ন বিভাগের এ শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হয় অন্তত ১০ জন। ওই ঘটনায় শিক্ষকের উপর হামলার অভিযোগে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজ আলম বসুনিয়া ও মার্কেটিং বিভাগের ছাত্র তিতাস চন্দ্র রায়কে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. গাজী মাজহারুল আনোয়ার বলেন, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দাবিতে কাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে মৌন মিছিল করার ঘোষণাও দিয়েছেন শিক্ষকরা। এদিকে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আলম বসুনিয়াকে চড় মারার প্রতিবাদে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল লতিফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে গেলে তা গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিলও করে। পরে তারা ক্যাম্পাসে সর্বদলীয় এক সভার মাধ্যমে অনিনির্দিষ্টকালের জন্য ক্লাশ ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দেয়। পরিসংখ্যান বিভাগের ছাত্র ইমতিয়াজ আলম বসুনিয়া অভিযোগ করেন, উপাচার্য শিক্ষকদের পক্ষ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে দায়িত্বপালনরত উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল জলিল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বাজায় রাখার স্বার্থে সব ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮০৬ ঘ.