ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের অধিনায়ক অ্যাডমিরাল স্যামুয়েল জি লকলিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলটি বুধবার দুপুরে শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
স্যামুয়েল এ সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের কর্মকা-ের প্রশংসা করেন।
১৯৯১ সালে সাইক্লোন পরবর্তী সময়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আমেরিকার মেরিন বাহিনীর সহযোগিতার করা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময়, আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা, প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে.জেনারেল আব্দুল ওয়াদুদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৪৩০ ঘ.
bdnews24