২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হতে হবে’

বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলো উন্নত দেশগুলোর স্বার্থরক্ষায় ‘বেশি তৎপর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল আট রাষ্ট্রের জোট ডি-এইটকে আরো তৎপর হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থাকছে। “বিশ্বায়নের ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিশ্বের প্রতিটি রাষ্ট্র এ পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করছে। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে বিশ্বায়ন ক্রমেই একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো উন্নত দেশগুলোর স্বার্থরক্ষায় বেশি তৎপর। এ পরিস্থিতিতে ডি-এইটভুক্ত দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় তৎপর হতে হবে।” এখন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্য দেশগুলোর সঙ্গে ডি-এইট দেশগুলোর সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুধবার সকালে হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে ‘শিল্প সহযোগিতা’ বিষয়ক ডি-এইট মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আসিয়ানসহ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থবান্ধব অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও ডি-এইটের সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ ছাড়া মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়শিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক ডি-এইটের সদস্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী সদস্য দেশগুলোর শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা চুক্তি করার প্রস্তাব দেন। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে ডি-এইট ফেলোশিপ চালু করার কথাও বলেন শেখ হাসিনা। ডি-এইট দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসবে- এমন আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “এ লক্ষ্যে বাংলাদেশের আইন উদার এবং বৈদেশিক বিনিয়োগবান্ধব করা হয়েছে। বৈদেশিক বিনিয়োগের পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে। বাংলাদেশের সরকরি ক্রয় সংক্রান্ত আইন ও নীতিমালা অত্যন্ত স্বচ্ছ ও যুগোপযোগী করা হয়েছে।” ১৯৯৭ সালের ১৫ জুন ৮টি সদস্য দেশের সরকার প্রধানদের উপস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলে ডি-এইটের যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, “ডি-এইট প্রতিষ্ঠার ১৫ বছর পর আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব-নিকাশের সময় হয়েছে। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে সংযোগ হিসেবে এ সংগঠন কাজ করতে সক্ষম। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের আরো সচেষ্ট হতে হবে।” তিনি বলেন, “জনসংখ্যাও আমাদের বড় সম্পদ। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম বাজারে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে এই জনশক্তি। ডি-এইটের সদস্য দেশগুলোর শ্রমবাজার পরস্পরের জন্য উন্মুক্ত হতে পারে।” সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এ জন্য আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” গত ১৫ বছরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে নীতি পরিকাঠামো সৃষ্টিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। অগ্রাধিকারভিত্তিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে ভিসা ও শুল্ক চুক্তিও গুরুত্বপূর্ণ অগ্রগতি। “তবে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি এখনও কার্যকর করা সম্ভব হয়নি। আমি আশা করি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি কার্যকর করতে সদস্য দেশগুলো শিগগিরই ঐক্যমতে পৌঁছাতে পারবে।” জ্বালানি খাতের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “শিল্পখাতে বাংলাদেশসহ সদস্য দেশগুলোর ধারাবাহিক অগ্রগতি দেখা গেলেও জ্বালানি নিরাপত্তা নিয়ে আমাদের আরো ভাবতে হবে। প্রাকৃতিক জ্বালানিসমৃদ্ধ সদস্য দেশগুলো অন্যান্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।” নবায়নযোগ্য জ্বালানির জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে সদস্য দেশগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখারও আহবান জানান শেখ হাসিনা। পণ্যের মান বৃদ্ধি এবং পণ্যের মানের পারস্পরিক স্বীকৃতির জন্য সদস্য দেশগুলোর মধ্যে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। অর্থনীতিতে শিল্পখাতের গুরুত্ব বিবেচনায় নিয়ে সদস্য দেশগুলোর সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক হাই লেভেল ইন্ডাস্ট্রি অফিসিয়ালস ফোরাম গঠনের কথাও বলেন শেখ হাসিনা। সদস্য দেশগুলোকে ইসলামের মূল্যবোধের আলোকে সহিষ্ণুতা, ন্যায্যতা, সমতা ও সহযোগিতার সংস্কৃতি এগিয়ে নেয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “যে কোনো ধরনের চরমপন্থাকে প্রশ্রয় না দেওয়ার নীতি গ্রহণ করতে হবে। সুশাসন, জবাবদিহিতা ও প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার পক্ষে আমাদের আরো আন্তরিক হওয়া প্রয়োজন।” শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এবং ডি-এইটের মহাসচিব উইদি অ্যাগোয়েস প্রাতিক্তো বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্প সচিব মো. মইনুদ্দিন আবদুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৩৫৫ ঘ.