কুকুর লেলিয়ে হত্যা: প্রধান দুই আসামি কারাগারে
কুকুর লেলিয়ে দেওয়ার পর ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যামামলার প্রধান আসামি শাহ সেলিম টিপু ও তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার আসামিরা চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো.হাসানুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৪ অক্টোবর ব্যবসায়ী ও বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক সভাপতি টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসেন সাজু, শাওন ও ড্যানির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্র দাখিলের আগে টিপু ও রিয়াদ উচ্চ আদালত থেকে চার মাসের অর্ন্তর্বতীকালীন জামিনে ছিলেন।
উচ্চ আদালতের নির্দেশে আসামিরা নিু আদালতে আত্মসমর্পণ করার পর বুধবার আদালত তাদের কারাগারে পাঠায় বলে জানান তিনি।
গত ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশে একটি বাড়ির ছাদে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয় চট্টগ্রামের সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে।
প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। এ ঘটনায় তার মামা বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আসামিদের মধ্যে সাজু কারাগারে রয়েছেন। ড্যানি ও শাওন পলাতক।
